তরুণ ভোটাররা ভোট দিতে না পারলে হতাশ হয়ে বিপথে যাবে —— বদিউল আলম
* একাদশ নির্বাচন, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে ——- সাখাওয়াত হোসেন
* সরকার নির্বাচন বানচালের চিন্তায় আছে ———— ড. জাফরুল্লাহ চৌধুরী
* দেশে বর্তমানে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে ——— সৈয়দ আবুল মকসুদ
* নির্বাচন কমিশন, আইনশৃংখলাবাহিনী, প্রশাসন সবাই পক্ষপাতিত্ব করছে —- আসিফ নজরুল
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। মনোনয়নপত্র বৈধ্য করলেই অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। সরকারি দলের নেতাকর্মীরা দেদারসে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর বিরোধী দলের নেতাকর্মীরা এলাকায় যেতে পারছে না। এর নাম অংশগ্রহণমূলক নির্বাচন নয়। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সরকার দলীয়রা সবাই এক হয়ে কাজ করছে। এ অবস্থায় কোনোভাবেই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আস্থার সংকট রয়েছে। আর এ পরিস্থিতির জন্য সরকার দায়ী। সরকারকে প্রমাণ করতে হবে তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। অন্যথায় সে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে কয়েক কোটি তরুণ ভোটার বেড়েছে। তরুণ ভোটাররা ভোট দিতে না পারলে হতাশ হয়ে বিপথে যাবে। আস্থাহীন হয়ে হলি আর্টিজানের মতো অন্য পথের খোঁজে যেতে পারে। এ বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টান্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘ভোটাররা কি স্বাধীনভাবে ভোট দিতে পারবে?’ শীর্ষক সেমিনারে দেশের বিশিষ্টজনেরা এ অভিমত ব্যক্ত করেন। সিজিএসের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আতাউর রহমানের সভাপতিত্বে ও সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য এ্যাডভোকেট ইউসুফ হুসাইন হুমায়ুন, ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব.), গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী, গবেষক সৈয়দ আবুল মকসুদ, সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসাইন, সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিম, জানিপোপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, নিউজ টুডের প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ড. রাশেদ আল মাহমুদ তিতুমির, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব ইনাম খান, ড. সিনহা এম এ সাঈদ, ড. মঞ্জুর আহমেদ চৌধুরী প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব.) বলেন, সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করা সরকারের জন্য জরুরী হয়ে পড়েছে। এবং নির্বাচন কমিশনের জন্যও এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। কেননা এবার তরুণ ভোটারের সংখ্যা অনেক। তাদেরকে কোনোভাবেই হতাশ হতে দেয়া ঠিক হবে না। ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘেœ ভোট দিতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশনকেও নিতে হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমার আশংকা প্রধানমন্ত্রী নির্বাচনে যাবেন তো। সরকার নির্বাচন বানচালের চিন্তায় আছে। দেশবাসী ভোট দিতে চায় তাদেও মালিকানা ফেরত চাই। তিনি বলেন, নির্বাচন যদি মোটামুটি ফেয়ার হয় তাহলে নৌকার পাল ঘুরে যাবে। ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে হত্যার পরিবর্তে হত্যা হবে না। গুমের পরিবর্তে গুম হবে না। প্রতিহিংসার রাজনীতি করবে না ঐক্যফ্রন্ট।
গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে বর্তমানে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। যারা এ অবস্থার জন্য দায়ী তারা আয়নার সামনে দাঁড়ালেই তাদের চেহারা দেখতে পারবেন। তিনি বলেন, নির্লজ্জতা আমাদের দেশের সর্বনাশ ডেকে এনেছে। ব্যাংক লুট করার পরও বুক ফুলিয়ে হেটে বেড়াই। অনিয়মের মাধ্যমে জোর করে ক্ষমতায় এসে হেসে হেসে কথা বলেন। এটা তাদের নির্লজ্জতা। আবার আমরাও তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করি আমাদেরও নির্লজ্জতা রয়েছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, বিদেশীরাও এখন আমাদের দেশের গণতন্ত্র নিয়ে আশা ছেড়ে দিয়েছে। বিরোধী দলকে খাশি বানিয়ে দেয়া হয়েছে। ফলে এ দেশকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ এসেছে।
সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের যাওয়ার সব পদক্ষেপ নিয়ে রেখেছে। এখন ঠিক করবে কারা বিরোধী দলে যাবে। এ অবস্থায় কোনোভাবেই অংগ্রহণমূলক নির্বাচন হওয়া সম্ভব নয়।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনী মাঠ বিরোধীদের জন্য খান্খান্দে ভরা। আর সরকারদলীয়দের জন্য সমতল। এ অবস্থায় কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না।
এ এইচ মোফাজ্জল করিম বলেন, বর্তমান পরিস্থিতি প্রসাশনে কারা কারা নিরপেক্ষ নয় তা মোটামুটি সকলেরই জানা। তাদেরকে প্রত্যাহার করা জরুরী কিন্তু তা করা হচ্ছে না। এমতাবস্থায় কিভাবে বলা যাবে যে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি বলেন, আওয়ামী লীগে যোগ দিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা কাজ করার কথা বলছেন এটা মোটেও ভালো লক্ষণ নয়। সরকার বুঝাতে চাচ্ছে তোমরা যারা সচিব হয়ে অবসর নিতে চাও তারা আমার পক্ষে কাজ করো। এটা নীতিভ্রষ্ট কাজ।
জানিপোপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যাপারে মানুষের মধ্যে আস্থার সংকট রয়েছে। এ সংকট সরকারকে দুর করতে হবে। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে। সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে নির্বাচন কমিশনকে।
নিউজ টুডের প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, পরীক্ষার ফল আউট হয়ে গেলে সে পরীক্ষার গুরুত্ব থাকে না। তেমনি ২০১৪ সালের ভোটের মতো ভোট করার চিন্তা না করা সরকারের জন্য ভালো হবে। তিনি বলেন, ভোটে জয়ী না হলে লাখ লাখ লোক মারা যাবে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে এটা আতংকিত করার জন্য। সরকার চাচ্ছে যেন কেউ নির্বাচনের মাঠে না আসে। এটা উচিত নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। মনোনয়নপত্র বৈধ্য করলেই অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। সরকারি দলের নেতাকর্মীরা দেদারসে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর বিরোধী দলের নেতাকর্মীরা এলাকায় যেতে পারছে না। এর নাম অংশগ্রহণমূলক নির্বাচন নয়। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সরকার দলীয়রা সবাই এক হয়ে কাজ করছে। এ অবস্থায় কোনোভাবেই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না।
ড. বদিউল আলম মজুমদার বলেন, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে কয়েক কোটি তরুণ ভোটার বেড়েছে। তরুণ ভোটাররা ভোট দিতে না পারলে হতাশ হয়ে বিপথে যাবে। আস্থাহীন হয়ে হলি আর্টিজানের মতো অন্য পথের খোঁজে যেতে পারে। এ বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে।
News Courtesy: www.http://www.dailysangram.com