দেশের বর্তমান পরিস্থিতির জন্য বিএনপির ভূমিকা কম নয় বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি কেন অংশগ্রহণ করেনি, তা তারাই ভালো বলতে পারবে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন কখনই গ্রহণযোগ্যতা পায় না।
গতকাল রাজধানীর ইস্কাটনের বিস মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘ভোটের রাজনীতি এবং জনগণের ভোটাধিকার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ।
সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগের জোটে অনেক দল রয়েছে। কিন্তু ১৪ দলের বাইরে কোনো দলের নাম আওয়ামী লীগের নেতারা জানে না। পৃথিবীর আর কোনো দেশে এমন নজির নেই। তিনি বলেন, দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট গঠন করা দরকার। এ বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে।
নির্বাচন ঘনিয়ে এলেই নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। কিন্তু নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন থাকা দরকার। পৃথিবীর প্রায় সব দেশেই আইন রয়েছে। বাংলাদেশ ও ভারতেই কেবল এ সংক্রান্ত আইন নেই বলেও মন্তব্য করেন তিনি।
এম সাখাওয়াত বলেন, ইভিএম নিয়ে এত তড়িঘড়ি করার দরকার ছিল না। সময় নিয়ে এটা বাস্তবায়ন করা যেত। এটা প্রযুক্তিগত বিষয়, মানুষের সঙ্গে পরিচিত করাতে হবে। একটি ভোট দিতে সময় লাগবে। যেসব এলাকায় ইভিএম কার্যকর করার চিন্তা রয়েছে সেসব এলাকার জনগণকে এখনই ইভিএমের বিষয়টি প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।
News Courtesy: www.http://dainikamadershomoy.com