এশিয়াসহ বিশ্বের অন্য দেশে খেলাপি ঋণের হার কমলেও বেড়েছে বাংলাদেশে। রাজনৈতিক প্রশ্রয়েই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের তদারকির শিথিলতা, ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতা ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যাংক পরিচালকদের কারণে ব্যাংকের অব্যবস্থাপনা খেলাপি ঋণকে উসকে দিয়েছে। এরপরও খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটেও খেলাপি ঋণ আদায়ে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। সুশাসন ও জবাবদিহি না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে গতকাল শনিবার বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অর্থনৈতিক শঙ্কা ও সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত ১১ বছরে জিডিপি প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতার প্রমাণ আমরা দিয়েছি। নানা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মেগা প্রকল্পগুলো অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। তাই ঝুঁকি নিয়েই এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
ব্যাংক খাত নিয়েও সেমিনারে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ব্যাংক খাত নিয়ে কাজ হচ্ছে। ব্যাংক ধস বা চেক ডিজঅনার হচ্ছে, এমন কিছু তো হচ্ছে না। ব্যবসা-বাণিজ্য সবই চলছে। তবে এ কথা বলা যায়, সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে মিস ম্যাচ হচ্ছে।
মূল প্রবন্ধে বলা হয়, গত ১০ বছরে খেলাপি ঋণ সর্বোচ্চ। ২০০৯ সালে খেলাপির পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি টাকায়। দেশে গত ৬ বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কমেছে। শিল্পের বহুমুখীকরণ না হওয়া ও রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় অর্থনীতি ক্রমশ ঝুঁকিতে পড়ছে। দেশের জাতীয় আয়ের হিসাবে গরমিল রয়েছে। প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন আছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে দাবি করা উন্নয়ন মূলত ‘উন্নয়নের রাজনীতি’। ৮ শতাংশ প্রবৃদ্ধি রাজনৈতিক মূলধন। এ কারণে এটি বিশ্বাসযোগ্য নয়। ব্যাংক খাতের অবস্থা খারাপ। তারল্য সংকট রয়েছে।
১০-১২ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকায় হাতে নেওয়া হলে তা প্রকৃত বিনিয়োগ হবে কি না প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিভাগ দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক সেলিম জাহান বলেন, আর্থসামাজিক উন্নয়নে প্রবৃদ্ধি কী কাজে লেগেছে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত। আমার প্রস্তাব, প্রবৃদ্ধি হতে হবে দারিদ্র্য প্রান্তিক মানুষের কর্মসংস্থান বাড়াতে। আর কোন মন্ত্রণালয় বেশি খরচ করেছে, তা দেখে বাজেট বরাদ্দ না দিয়ে কাজের গুণগত মান দেখে বরাদ্দ দিতে হবে।
অসমতা ও বৈষম্য রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতার প্রতিকূল। সবাই শিক্ষা, স্বাস্থ্যের সুযোগ পাচ্ছে কি না। এসব অসমতা রাজনৈতিক বোমায় পরিণত হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন বলেন, বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য কোনো সুখবর নেই। ব্যাংক খাত নিয়ে শক্ত কোনো সিগন্যাল দেওয়া হয়নি। এ খাতে নজর দিতে হবে।
অধ্যাপক আবু আহমেদ বলেন, বাংলাদেশে করপোরেট কোম্পানিগুলোর বিশ্বাসযোগ্যতা কমেছে। তাই বন্ড মার্কেট চালু করা সম্ভব নয়। সরকারিভাবে হলে কিছুটা বিশ্বাসযোগ্য হতে পারে। তবে বিশ্বাসের অভাবেই বন্ড মার্কেট কার্যকর হবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, সুশাসন ও জবাবদিহি না থাকলে উন্নয়ন টেকসই সম্ভব নয়। ভারসাম্য না থাকলে কিছুই হবে না।
বিআইডিএসের গবেষক ড. নাজনীন আক্তার বলেন, উৎপাদনশীলতা ও অভ্যন্তরীণ চাহিদার কারণে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। কিন্তু শ্রমিকের দক্ষতা বাড়াতে হবে। এক্ষেত্রে পোশাক খাতের শ্রমিকদের দিকে নজর দিতে হবে।
বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ব্যাংক সুদের হার ৯ শতাংশ বলা হলেও কোনো ব্যাংক মানছে না। তার ওপর গ্যাসের দাম বাড়ার কথা শুনলে ভাবি, আমরা শিল্পে প্রবৃদ্ধি চাই কি না। সেবা খাতে ৫ টাকা বাড়ালে বড় সমস্যা হবে না। কিন্তু শিল্প খাতে ২ টাকা খরচ বাড়লে তার প্রভাব ব্যাপক।
News Courtesy: http://www.deshrupantor.com