Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

আইসিটি আইনের ৩ বছর ক্ষমতাসীনরাই করেছে ৮৫ ভাগ মামলা

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ডিজিটাল নিরাপত্তা আইন বা আইসিটি আইনের অধীনে গত ২১ মাসে হওয়া ৬৬৮টি মামলার বেশিরভাগই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা না হয়ে ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের নেতাদের পক্ষ হয়ে দায়ের করেছেন। মামলাগুলো পর্যবেক্ষণ করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) গতকাল বৃহস্পতিবার ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর তিন বছর : একটি পর্যবেক্ষণমূলক ফলাফল’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সিজিএস জানিয়েছে, প্রকল্পটি ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসির অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পে মুখ্য গবেষক হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক ড. আলী রীয়াজ। সিজিএস এমন এক সময়ে এই প্রতিবেদন প্রকাশ করল যখন আজ ১ অক্টোবর বহুল আলোচিত আইসিটি আইনের তৃতীয় বছর পূর্ণ হচ্ছে।

যদিও আইসিটি আইনের মোট কত মামলাকে সিজিএস রাজনৈতিক হিসেবে বিবেচনা করেছে, সে তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে সরকারের

সমালোচকদের বিরুদ্ধে এই আইনের ব্যবহার চরম পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক মামলা ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলো ৭৬টি মামলা করেছে, যা মোট দায়েরকৃত মামলার ২০.৩২ শতাংশ। সিজিএস ২০২১ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬৬৮টি মামলার বিবরণ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। মামলাগুলোয় অভিযুক্তের সংখ্যা ১ হাজার ৫১৬ জন, যার মধ্যে ১৪২ জন সাংবাদিক, ৩৫ জন শিক্ষক, ১৯৪ জন রাজনীতিবিদ, ৬৭ জন শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাংবাদিক ২৪.৮৭ শতাংশ। মামলাগুলোতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে সাংবাদিকদের সংখ্যা অসমভাবে বেশি। গ্রেপ্তারকৃত ৪৯৯ জনের মধ্যে ৪২ জন সাংবাদিক, ৫৫ জন রাজনীতিবিদ, ৩২ জন শিক্ষার্থী। এমনকি ১৮ বছরের কম বয়সী ১৩ জনকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

সিজিএসের পর্যবেক্ষণ বলছে, এই আইনের অধীনে গত তিন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানহানির অভিযোগে মামলা হয়েছে ৭৪টি। এর মধ্যে ১৩টি মামলা করেছে আইন প্রয়োগকারী সংস্থা ও ৬১টি মামলা করেছে অন্যরা। এ ছাড়া মন্ত্রীদের মানহানির অভিযোগে ৪১টি মামলা হয়েছে, যার মধ্যে মাত্র ৪টি মামলা করা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে, ৩৪টি মামলা করেছেন দলীয় নেতাকর্মীরা।

বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এই মামলাগুলো অত্যন্ত ধীরগতির উল্লেখ করে সিজিএস বলেছে, এখন পর্যন্ত মাত্র ২টি মামলার নিষ্পত্তি হয়েছে। তা ছাড়া আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। এই নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে সাইবার ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে আরও ৩০ দিন সময় দেওয়া হয়। কিন্তু গত তিন বছর ধরে বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করার পরেও অভিযুক্ত এখনো হেফাজতে আছে এবং বিচারের আগেই তারা কার্যকরভাবে শাস্তি ভোগ করছেন।

অধ্যাপক আলী রীয়াজ এসব প্রবণতাকে অত্যন্ত উদ্বেগজনক এবং গুরুতর রকমের আশঙ্কাজনক হিসেবে বর্ণনা করে বলেন, এই প্রবণতা দেখাচ্ছে যে কীভাবে একটি আইন উদ্ভূত কর্তৃত্ববাদের দিকে অগ্রসরমান শাসনের হাতিয়ার হয়ে উঠেছে। আইনটির নির্বিচার ব্যবহার বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনটি বাতিল করা জরুরি।

News Courtesy:

https://www.dainikamadershomoy.com/post/338560