উচ্চ আদালতে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিচার বিভাগের দুর্দশা নিয়ে আমি বেশ মনঃকষ্টে আছি। উচ্চ আদালতে সকল ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু তারা এই ক্ষমতা ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকারকে শক্তিশালী করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। এই ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। সোমবার সকালে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ প্রসঙ্গ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ- সিজিএস এ সংলাপের আয়োজন করে।
আসিফ নজরুল বলেন, আওয়ামী সময়ে এমন অবস্থা ছিল যে রায় হওয়ার আগেই বছরের পর বছর ও মাসের পর মাস জেল খাটতে হয়। দেশে পাঁচ বছর পর পর সঠিক নির্বাচন হলে এমন হতো না। আমাদের ঝামেলামুক্ত ক্ষমতা স্থানান্তর প্রক্রিয়া থাকতে হবে। বিচার বিভাগের কমিশন তৈরি করা হয়েছে। উচ্চ আদালতের নিয়োগ প্রক্রিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। উচ্চ আদালত দুর্নীতিগ্রস্ত হলে নিম্ন আদালত স্বাধীন হবে না। ভালো বিচারপতি নিয়োগ দিতে হবে। উচ্চ আদালতে আলাদা সেক্রেটারিয়েট করা দরকার। স্থায়ী প্রসিকিউশন করা দরকার। ঐকমত্য থাকলে আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন আইন বদলাতে পারবে না। সংস্কার ছাড়া আমাদের গতি নেই। রাষ্ট্রপতি এই পর্যন্ত স্বাধীনভাবে বিচারপতি নিয়োগ করতে পারেননি। সরকার প্রধান তা করে থাকে। এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে হবে।
সিজিএস- এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, ৫৩ বছরে বাংলাদেশ গণতান্ত্রিক হতে পারেনি। আমরা অনেক হোঁচট খেয়েছি। কখনো সামরিক শাসন, কখনো স্বৈরশাসনের মাধ্যমে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ৯০-এর পরেও সংস্কারের রূপকল্প তৈরি করা হয়। ২০০৭ থেকে ২০০৮ এও সংস্কারের কথা উঠেছে। এখন সংস্কার শব্দটি ঘৃণিত শব্দে পরিণত হয়েছে। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখন সচল নয়। প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেনি। বিচার বিভাগ ঠিক করে কাজ করলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে পেতাম।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব থাকে জনগণের কাছে। জনগণ নির্বাচনের মাধ্যমে এটি করে থাকে। কিন্তু আমাদের দেশের এই সার্বভৌমত্ব হরণ করা হয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের দেশপ্রেম ছিল না। আমাদের ভূমি সংস্কার দরকার। কৃষককে ভূমি দিতে হবে। গ্রামের সালিশি আদালত জোরদার করতে হবে। লুটের অর্থনীতি পরিবর্তন করতে হবে। আমাদের ব্যাপক অর্থনীতি সংস্কার করতে হবে। নিম্ন আদালতের সংস্কার করতে হবে। তদন্তকারী সংস্থাগুলোতে ভালো লোক নিয়োগ করতে হবে। রাজনৈতিক ক্ষমতা এখন চলে গিয়েছে খারাপ ব্যবসায়ীদের কাছে, এটি এখন রাজনৈতিক দলের কাছে নেই। রাজনীতি করবে রাজনৈতিক দল।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অর্থনীতিতে সংস্কার জরুরি। লুটপাট সংস্কৃতি বদলাতে হবে। আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংস্কার ও নির্বাচন দু’টিই লাগবে। স্বাধীনতার পর আমাদের দরকার ছিল সাংস্কৃতিক সংস্কার। সাধারণ জনগণের সঙ্গে সংলাপ করতে হবে। এটি না করলে আমরা সাধারণ জনগণ থেকে আলাদা হয়ে যাবো। বিচার পাওয়া মৌলিক অধিকার। তিনি প্রশ্ন রেখে বলেন, এর সঙ্গে অর্থের সম্পর্ক কেন আসবে? দলীয় রাজনীতির প্রভাব ও অর্থবিত্তের প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত হতে হবে। সমাজের ভেতর থেকে বিচারব্যবস্থা পরিচালনা করা উচিত। স্বশাসিত সংস্থার কাঠামোর ওপর জোর দিতে হবে। স্থানীয় জনগণকে ক্ষমতায়ন করতে হবে। এটি আর্থিকভাবেও হতে হবে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, বিচারিক হয়রানির ওপর গবেষণা করা উচিত। নতুন বাংলাদেশে এখনো আমরা ঢুকতে পারিনি। আমাদের সংস্কার এখনই শুরু করতে হবে। আইনজীবীদেরকে গ্রেপ্তার ও তাদের ওপর হাত তোলা বন্ধ করতে হবে। জুডিশিয়ারিতে যারা যাচ্ছে তারা তাদের দলীয় পরিচয় বাদ দিয়ে নিজেদের মতো কাজ করতে পারে। এখানে তাদের কাজের দক্ষতা দেখতে হবে। সুপ্রিম কোর্টে নারীদের সংখ্যা কম। প্রতিবন্ধীদের সুযোগ দিতে হবে। জজদের বেতন ঠিক করতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের বিচারক পদে দিতে হবে। সিভিল জাস্টিসের ওপর নজর দিতে হবে। ফ্যামিলি কোর্ট ও লেবার কোর্ট আরও এক্সেসিবল করতে হবে। কোর্টের সকল পরিসংখ্যান উন্মুক্ত হতে হবে জনগণের কাছে, যেন জনগণ বুঝতে পারে আমাদের বিচার বিভাগ কোন অবস্থায় আছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যতই সংস্কার করা হোক না কেন মানুষের মনস্তাত্ত্বিক সংস্কার আগে করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হতে হবে। সরকারের বিরুদ্ধে কিছু বললেই আদালত অবমাননার মামলা দেয়া যাবে না। জামিনের বিষয় যেন সুপ্রিম কোর্ট পর্যন্ত না যায়। বিদ্যমান মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক কাজে বিচার বিভাগকে ব্যবহার করা যাবে না। বিচার বিভাগে এস আলমের মতো দুর্নীতিবাজদেরকে বাঁচানোর চেষ্টা করা যাবে না। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।
প্রফেসর ড. বোরহান উদ্দিন খান বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ আমরা চাই। যে দল ক্ষমতায় আসবে তাদেরকে এখনই বলতে হবে যে তারা বিচার বিভাগেকে প্রভাবমুক্ত রাখবে। এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হবে। একজন বিচারক ভয়ে থাকে তাদের পদোন্নতি ও বদলি নিয়ে। তাদের নিশ্চয়তা দিতে হবে। যে ক্ষমতায় থাকে সে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং বিচারকরা প্রভাবিত হয়ে থাকে। বিচারককে ভাবতে হবে যে সে স্বাধীন। বিচারকের মনের ভেতর পরাধীন। তিনি বলেন, রাজনৈতিক দলরা যদি বলে যে তারা বিচার বিভাগকে প্রভাবিত করবে না তাহলে বিচারকরা এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারবে। আইনজীবী ও যারা মামলা করে তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। বিচারকরা তাদের কাজে রাজনৈতিক দলের মত থেকে যে মুক্ত তা তদারকি করতে হবে।
সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সামনের বাজেটে ১০০ কোটি অর্থ বরাদ্দ ও ২০০০ বিচারক নিয়োগ দেন, তাহলে দেখবেন আমাদের বিচার বিভাগ ৫০ বছর এগিয়ে যাবে। আর্টিকেল ৪৮-এ যা বলা আছে, তা রাষ্ট্রপতি ১১৬ আর্টিকেলের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারে না। ডিস্ট্রিক্ট কোর্টের ওয়াশরুম ভালো না বা নারী স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এসবের জন্য পর্যাপ্ত বাজেট দিতে হবে। ফেয়ার ও ইম্পারশিয়াল বিচার বিভাগ থাকতে হবে। মাইগ্রেশন রিলেটেড কোনো আদালত নেই। আইনজীবীদের সুরক্ষার জন্য আইন করতে হবে। মেধাবী ছাত্রদের ২০ হাজার টাকার ভাতা দিয়ে আইন পেশায় আনতে হবে।
সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ বলেন, আগের সরকার সংবিধান মেনে চলেনি, বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধান মেনে চলছে না। সুপ্রিম কোর্টের জজরা অবসরের পর তারা সরকারের কোনো লাভজনক পদে থাকতে পারবে না। কিন্তু পরে তা পরিবর্তন করা হয়। নিম্ন আদালত এবং সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়সের ব্যবধান শুধুমাত্র আমাদের দেশেই দেখা যায়, যা পরিবর্তন করা উচিত এবং এটি পরিবর্তন করতে বিচারকদের নিয়োগ প্রক্রিয়া সংশোধন করা উচিত। সব দেশে সুপ্রিম কোর্ট অধিকার রক্ষার কাজ করে থাকে, কিন্তু আমাদের দেশে সুপ্রিম কোর্ট অধিকার হরণের কাজ করে থাকে।
সভায় আরও বক্তব্য রাখেন সিজিএস- এর চেয়ারম্যান মুনিরা খান, সাবেক জেলা জজ এস এম বদরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভোকেট রোকসানা খন্দকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতিবিদ মোশারফ আহমেদ ঠাকুর, অধিকারকর্মী দিদারুল আলম ভূঁইয়া, জাতীয় নাগরিক কমিটির সদস্য মোল্লা মহাম্মদ ফারুক আহসান প্রমুখ।
News Courtesy: