Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

‘জনপ্রশাসন ব্যবস্থা সার্বিকভাবে ব্রোকার সিস্টেমে আটকে আছে’

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, একটি পরিবর্তনের আকাঙ্ক্ষার উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। নানামুখি সেবা জনগণকে দিতে হবে। আমাদের জনপ্রশাসনে ঘাটতি আছে। সার্বিকভাবে পুরো সিস্টেম ব্রোকার সিস্টেমে আটকে আছে। 

মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) সকাল সাড়ে  ৯ টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ধারাবাহিক সংলাপের “জনপ্রশাসন” বিষয়ক আলোচনা  অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমান একথা বলেন । 

তিনি আরো বলেন, জুলাই – আগস্টের পর প্রকাশ্য দুর্নীতি কমে গেছে সেই সঙ্গে কমেছে  কাজের গতিও। সার্বিকভাবে মেধার অপচয় কমাতে হবে। মেধার অপচয় আমাদের প্রশাসনে বেশি হয়ে থাকে। সংস্কার শব্দটি প্রচলিত হয়ে গিয়েছে। এই শব্দটির আরও বিশ্লেষণ করা দরকার। এর ভিতর অনেক দিক আছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এটি শক্তিশালী হলে কার্যত জনপ্রশাসন তৈরি হবে। স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ করতে হবে। কিন্তু রাজনৈতিকদলগুলো ও আমলারা আমাদের স্থানীয় সরকারকে চাকর প্রতিষ্ঠানে রুপান্তর করেছে। স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানগুলো আর স্বায়ত্ত শাসিত থাকেছে না। এটি একশ্রেণীর আমলাদের পদায়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানগুলোর পদগুলো ধীরে ধীরে অ্যাডমিন ক্যাডারে চলে গিয়েছে। স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা না দিলে অর্থনীতির চাকা ঘুরবে না। প্রশাসনিক অঙ্গগুলোকে ঠিক করার কাজ বর্তাচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর। এই অঙ্গগুলোর দলীয়করণ করা হয়েছে এবং তারা দলীয় চাপ তৈরির অন্যতম বাহন হিসেবে কাজ করে থাকে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারে যুক্ত করতে হবে। স্বাধীনভাবে কথা বলা সকলের অধিকার। এটি বলার দরকার নেই।
বক্তাদের মধ্যে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, সুজনের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, সিজিএস- এর চেয়ার মুনিরা খান, সাবেক সচিব ইব্রাহিম খান, জাতীয় রাজস্ব বোর্ড এর সাবেক চেয়ারম্যান, ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক সচিব, এ কে এম আব্দুল আওয়াল মজুমদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ; এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক সচিব, সুলতানা আফরোজ; বাংলাদেশ রাইফেলস-এর সাবেক মহাপরিদর্শক, মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান, নৈতিক সমাজ বাংলাদেশের সংগঠক, মেজর জেনারেল (অবঃ) আমসা আমিন, বিজিএমইএ-এর সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম)-এর চেয়ারম্যান, ববি হাজ্জাজ, দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তাহমিদ আল মুদাসসির, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী, ইফফাহ আসসারিরাহ। সংলাপটি সঞ্চালনা করেন সিজিএস-এর নির্বাহী পরিচালক, জিল্লুর রহমান।
সংলাপের শুরুতে জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ এখন অস্থিরতার মধ্যে আছে। কিন্তু সম্ভাবনার মধ্যেও আছে। এত বছর জনগণের কোন অধিকার ছিল না। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক দেশ হওয়ার। কিন্তু আমরা তা করতে পারি নি। ৯০-এর দশকে, ২০০৭-০৮ এও সংস্কারের কথা উঠেছিলো। কিন্তু এই শব্দটি ঘৃণিত শব্দে পরিণত হয়েছে। ২৪-এর অভুথানের পর আমরা নতুন যাত্রা শুরু করেছি। এই নতুন যাত্রার শুরুর থেকেই আমরা হতাশায় ও আশঙ্কায় ভুগছি। আমরা সংস্কার আগে করব নাকি নির্বাচন আগে করব? এটা নিয়ে জনগণ শঙ্কায় আছে যে কোনটি আগে করা উচিত হবে। যদিও আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। কিন্তু এখনও কথা বলতে আমরা ভয়ের মধ্যে থাকি।
ড. বদিউল আলম মজুমদার বলেন, এই দেশে ব্রিটিশরা জনপ্রশাসন তৈরি করেছে। সেখানে দক্ষ লোক নিয়োগ দেওয়া হত। তাদের কাজ ছিল ব্রিটিশদের রাজত্ব এখানে স্থায়ী করা। তাদের উত্তরাধিকার এখনো আমরা দেখতে পাই। আমাদের দেশে যে উদ্দেশ্য নিয়ে জনপ্রশাসন তৈরি করা হয়েছে তা এখনো পূরণ করতে পারে নি। জনপ্রশাসন জনগণের জন্য কাজ করবে। ২০০৭ – ০৮ এ যদি সংস্কার করা হত তাহলে আজকে আমাদের এই অবস্থা হত না। যারা অপরাধ করেছে তাদেরকে ন্যায়বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে কোন স্বৈরাচার যেন আবার এমন না করতে পারে এটির জন্যই জুলাইে আন্দোলন হয়েছে। আমাদের যা সংস্কার করার দরকার তা আমরা করব। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে সংস্কার নিয়ে কাজ হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ করতে হবে। জনগণকে সজাগ থাকতে হবে এবং তাদেরকে সংস্কার বিষয়ে সোচ্চার হতে হবে। এবং দাবিগুলকে জনদাবিতে তৈরি করতে হবে।
মুনিরা খান বলেন, দুর্নীতি কমাতে হবে। আগে এনআইডি পেতে যে টাকা দিতে হত এখন তার চেয়ে বেশি টাকা দিতে হয়। দুর্নীতিকে চ্যালেঞ্জ ধরে নিয়ে এগোনো উচিত। সমাজ, সরকার ও জীবনের সব স্তর থেকে দুর্নীতি বাদ দিতে হবে। এখানে নজর দিতে হবে।
ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আমাদের প্রশাসনে এখনো দালালি স্বভাব আছে। আমাদের মধ্যে ইতিবাচক মানসিকতা থাকতে হবে, এটি কেবল প্রশাসনের মধ্যেই থাকবে না। কেন্দ্রীভূতকরণ থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা যাবে না। সংস্কার করে তারপর নির্বাচনের দিকে যেতে হবে। সংস্কারগুলো রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে যেন তারা এই পরিবর্তনগুলো তাদের নির্বাচন ইস্তেহারে থাকে। এবং এই সংস্কারগুলো জনগণকেও জানাতে হবে।
এ কে এম আব্দুল আওয়াল মজুমদার বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। আমাদের পচন সেখান থেকেই শুরু। জিয়াউর রহমানের সময়ে এটি একটু ঠিক করা হলেও, এরশাদের সময় তা আবার নষ্ট করে দেয়। ৭২ ও ৯০ আমাদের জন্য মাইলফলক ছিল ভাল দিকে যাওয়ার। আমরা গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছি। দলীয়করণের ফলে পদ – পদবি দখলের প্রতিযোগিতা শুরু হয়। এই দলীয়করণ বাদ দিতে হবে। অযোগ্য মানুষদেরকে বাদ দিতে হবে। আমলাতন্ত্র সরকারের পঞ্চম স্তম্ভ। এখানে যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে। যারা অপরাধী তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে।
ইব্রাহিম খান বলেন, জনপ্রশাসনের ইতিহাসে অনেক উত্থান – পতন হয়েছে। সময়ের সাথে জনগণের সব জায়গায় প্রশাসন যুক্ত। সরকারি প্রশাসনের কাজগুলো ঠিক করে দিতে হবে। তারা কি করতে পারবে বা কি করতে পারবে না। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে। এই দেশে প্রতিটি সরকার প্রশাসনের পরিবর্তনের জন্য কমিশন করেছে, কিন্তু তার প্রয়োগ কখনো হয় নি। প্রশাসনে এখনো ভাল মানুষ আছে, সবাই খারাপ না। এই দেশের আমলারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং জুলাই আন্দোলনেও তাদের অংশ ছিল।
মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, এই সরকারের প্রথম দায়িত্ব হল জুলাইয়ে শহীদ ও আহতদের আর্থিক সাহায্য দেওয়া। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় আছে। এটাকে জনসেবা মন্ত্রণালয় হিসেবে নামকরণ করা উচিত। আমাদের বিভিন্ন ক্লাব আছে, কিন্তু রাজনীতিদের কোন ক্লাব নেই। আমাদের স্থানীয় সরকারকে শক্ত করে তৈরি করতে হবে।
মীর নাসির হোসেন বলেন, ২০০৬ থেকে প্রশাসনের রাজনিতিকরণ শুরু হয়েছে। দুর্নীতিগ্রস্ত লোকদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকারকে ব্যবসা থেকে বেরিয়ে আসতে হবে। এটা নিয়ে পলিসি করতে হবে। প্রতিটি প্রশাসনের মধ্যে সমন্বয় থাকতে হবে। প্রশাসনকে জনবান্ধব করতে হবে।
ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, পরিবর্তন দেশের ও মানুষের জন্য দরকার। ব্রিটিশদের তৈরি করা আইন – কানুন এখনো চলছে। ভিয়েতনাম ফ্রান্সের সকল আইন বাতিল করেছিল। কিন্তু আমরা তা করতে পারি নি। আমাদের নৈতিকতা ঠিক করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের তৈরিকৃত আইন নির্বাচিত সরকার অনুমোদন দিবে। যদি নির্বাচিত সরকার অনুমোদন না দেয় তাহলে এত সংস্কার করে কোন লাভ নেই।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের প্রশাসন এত বড় কেন? জনপ্রশাসনকে ছোট করতে হবে। দুর্নীতি কমাতে হবে। ব্রিটিশ নিয়ম এখনো চলছে। এগুলো বাদ দিতে হবে। আমাদের মন্ত্রণালয়গুলোকে কমিয়ে ২০ টি মন্ত্রনালয়ে করা যায় কিনা এটা নিয়ে আলোচনা করতে হবে। মন্ত্রণালয়গুলোর মধ্যে লেয়ার কমাতে হবে। জটিলতা কমানোর জন্য প্রযুক্তি ব্যবহার করতে হবে, তাহলে কাজের ডকুমেন্টেশন থাকবে। কেউ দায়বদ্ধতা এড়াতে পারবে না।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমলাদের এখনো মন-মানসিকতার পরিবর্তন হয় নি। বিসিএস-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার সংস্কৃতি বাদ দিতে হবে। পরীক্ষার নামে যা হয় তা বদলানো দরকার। যারা দুর্নীতিবাজ তাদেরকে শুদ্ধাচার পদে রাখা হয়েছে। জেলা প্রশাসক কে হবে তা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। অফিসারস ক্লাবগুলো হয়ে গিয়েছে আমলাদের পদোন্নতির প্রতিষ্ঠান। আমরা এখন জটিল সময়ে আছি। জুলাইয়ের পর অনেক আমলারা পালাচ্ছে। রাজনৈতিক নেতারা পালাচ্ছে ঠিক আছে, কিন্তু আমলাদের তো পালানোর কথা না। আমলারা সম্পদের পাহাড় তৈরি করেছে। আমি চাই এই সরকার সফল হোক। কিন্তু আমি আশঙ্কায় আছি আবার ১/১১ হয় কিনা। সংস্কারের নামে সময় নষ্ট করা ঠিক হবে না। সংস্কার দ্রত সময়ে করতে হবে।
সুলতানা আফরোজ বলেন, গণতান্ত্রিক পুনর্গঠন তখনই হবে যখন তা জনগণের কল্যাণের জন্য হবে। জনগণকে সম্পৃক্ত না করলে উন্নয়ন হবে না। সরকারকে সফল হতে হলে জনগণের সেবার মান বাড়াতে হবে। সংস্কার রাতারাতি আসবে না। মেধাবীদের প্রশাসনে নিয়োগ দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে জোর দিতে হবে। সিভিল সার্ভিসে ক্যারিয়ার প্লানিং নেই। এটি পরিবর্তন করতে হবে।
মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, আমাদের রাজনৈতিক পরিবর্তন দরকার। রাজনিতিবিদের ইন্টিলিজেন্স সোশ্যাল ইন্টিলিজেন্স। একাডেমিকদের একাডেমিক ইন্টিলিজেন্স। প্রশাসনে একাডেমিক ইন্টিলিজেন্সের দরকার। রাজনীতিবিদদের সোশ্যাল ইন্টিলিজেন্স এখানে আসবে না। রাজনীতিবিদরা রাজনীতি করবে। রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার করতে হবে।
মেজর জেনারেল (অবঃ) আমসা আমিন বলেন, জনপ্রশাসনের পুনর্গঠন দরকার। কারণ আমদেরকে ঔপনিবেশিকব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে গণঐক্যমত্য তৈরি করতে হবে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হল জনপ্রশাসন তারপর রাজনীতিবিদরা। কেন্দ্রের কোন নিয়ন্ত্রণ জনপ্রশাসনের উপর থাকবে না। বিকেন্দ্রিক ও স্থানীয় হতে হবে। ভবিষ্যতে যেই জনপ্রশাসন চাই তা পেতে আমাদের সময় লাগবে। এই সরকার যদি শক্তভাবে প্রশাসনের এথিক্স ঠিক করতে পারে তাহলে পরিবর্তন আসবে।
আব্দুল্লাহ হিল রাকিব বলেন, পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। আমলাতন্ত্রেকে জনগণের কাছে জবাবদিহিতার মানসিকতা তৈরি করতে হবে, কাগজে – কলমে নয়। আমলাতন্ত্রের জবাবদিহিতা শুরু হতে সময় লাগবে। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। জবাবদিহিতা দেওয়া ও নেওয়া থাকতে হবে। তাহলে স্বচ্ছতা থাকবে।
ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, আমলাতন্ত্রের আত্মসংরক্ষণ ও পরিবর্তনের প্রতি অনীহা বদলাতে হবে। জনগণের সেবা পেতে হলে সেবা তাদের জন্য এক্সেসিবল হতে হবে। মানসিকতা পরিবর্তনের জন্য হুইসেল ব্লোয়ার নিয়োগ করা। পঞ্চদশ সংশোধনীতে রেফারেন্ডাম রাখা হয়েছে। আমাদের যেন রেফারেন্ডামের আশ্রয় না নিতে হয়।
ববি হাজ্জাজ বলেন, কিছু কমিশন করা হয়েছে এবং কাজ হবে। আমি এই নিয়ে আশাবাদী। দেড়শ বছরের তৈরি করা মুখস্ত বিদ্যার অভ্যাস, প্রশ্ন ফাঁসের সংস্কৃতি বদলাতে হবে। পিএসসিকে বেসরকারি করা দরকার। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন একটি কেন? এটির ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। দুর্নীতি দূর করতে হবে। ওপেন অডিট তৈরি করতে হবে। জনপ্রশাসনের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, এটি নির্বাচিত সরকার করতে পারবে। নির্বাচন ঠিক করে করতে হবে।
মাহবুব কামাল বলেন, একজন আমলা একটি সই দিয়ে যেই পরিমাণ সম্পদের মালিক হতে পারে, একজণ কৃষকের চৌদ্দ পূর্বপুরুষ একটি টিপসই দিলেও এত সম্পদের মালিক হতে পারবে না। আমলার সীমাবদ্ধতা আছে কারণ সে মানুষ। কিন্তু আমলাতন্ত্রের সীমাবদ্ধতা নেই। একশত ভাল ব্যবসায়ী দেশের যেই উপকার করতে পারে, একজন আমলা সেই পরিমাণ দেশের উপকার করতে পারে।
তাহমিদ আল মুদাসসির বলেন, যেই স্পিরিট নিয়ে জুলাই অভভুথান হয়েছে তা আমরা ধরে রাখতে পারি নি। এখানে সুযোগ ছিল অভভুথানকে বিপ্লবে পরিণত করার। সচিবদের ও জনপ্রশাসনদেরকে জিজ্ঞাসা করা দরকার স্বৈরাচারকে এত বছর ক্ষমতায় কেন রেখেছে তারা। তাদেরকে ধরলে তারা বলে যে তারা সরকারের আদেশ পালন করেছে। আমদের সংস্কার হওয়া উচিত জনপ্রশাসনে যারা ফ্যাসিবাদীকে ক্ষমতায় রাখার জন্য সাহায্য করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, যেন ভবিষ্যতে ফ্যাসিবাদ আর তৈরি না হয়। তাদের দালালি মানসিকতা বদলাতে হবে। পদোন্নতির ব্যাপারে স্বচ্ছতা আনতে হবে, রাজনৈতিকভাবে পদোন্নতি করা যাবে না।
ইফফাহ আসসারিরাহ বলেন, সরকারের বন্দনা করা ও সরকারের লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রাখা এইখানে পরিবর্তন করতে হবে। দায় এড়ানোর সংস্কৃতি বদলাতে হবে। ইন্সটিটইউশনের দালালি সংস্কৃতি বদলাতে হবে। অন্যায়ের বিরুদ্ধে না বলার সাহস থাকতে হবে। জুলাইয়ের স্পিরিট সবার মনের মধ্যে থাকতে হবে। স্বচ্ছতার চর্চা সকল মন্ত্রনালয়ের মধ্যে থাকতে হবে। গণমাধ্যমকে স্বাধীন হতে হবে।

News Courtesy:

‘জনপ্রশাসন ব্যবস্থা সার্বিকভাবে ব্রোকার সিস্টেমে আটকে আছে’