Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

নির্বাচনে সব বড় দলের অংশগ্রহণ চায় জাপান

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেখতে চায় জাপান। সেই সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও প্রত্যাশা করে দেশটি। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। জাপান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং বাংলাদেশ (এফইএস) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইতো নাওকি বলেছেন, নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে। এর আগে আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর অন্য কোথাও শুনিনি। আমি আশা করব এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করি। আমরা আশা করি প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ এটি উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

জাপান সবসময় বাংলাদেশের উন্নয়নে সহায়ক ভূমিকায় ছিল, আগামীতেও থাকবে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, এখন দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং সহায়তার ক্ষেত্রে সমান অংশীদারত্ব হওয়া প্রয়োজন। এক্ষেত্রে যেন দুই দেশই লাভবান হয় সেদিকে নজর দিতে হবে। বাংলাদেশ এখনো এ অঞ্চলে খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি। তাই আমাদের সহায়তা থাকবে বাংলাদেশ যেন এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হয়ে উঠতে পারে। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ।

দুই দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে নাওকি বলেন, ক্রমবর্ধমান সম্পর্কের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো আরো কিছু বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায় জাপান। এখানে আমাদের ব্যাপক অংশীদারত্ব রয়েছে। আমরা এটিকে বৃদ্ধি করতে চাই। আশা করি আমরা একটি কৌশলগত অংশীদারত্বের বিষয়ে একমত হতে পারব। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে আলোচনা হবে। ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) একটি জটিল বিষয়, এটি খুব ব্যাপকও। জাপান বাংলাদেশকে এফওআইপির অংশীদার হিসেবে বিবেচনা করে। শেখ হাসিনার জাপান সফরে বাংলাদেশ-জাপান মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট—এফটিএ) নিয়ে কাজ করবে, যা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের চুক্তি সম্পাদনের ক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং কাঠামো তৈরি করতে হবে। সেক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে জাপানের রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূল নয়। সেখানকার পরিস্থিতির কারণে শিগগিরই পূর্ণ মাত্রায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা খুবই কঠিন হবে। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে জাপান। সেখানে সহিংসতা বন্ধ, বন্দিদের মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। কিন্তু গত পাঁচ বছরে একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন করা হয়নি। এ পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি বড় চ্যালেঞ্জ।

News Courtesy:

https://bonikbarta.net/home/news_description/320405/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8