Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরির দাবি

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

একাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র আটদিন বাকি। এখনো বিরোধীপক্ষকে প্রচারণার তেমন সুুযোগ দেয়া হচ্ছে না। সবখানে এক ধরনের ত্রাস তৈরি করা হয়েছে। বিরোধীদলের নেতাকর্মী ও প্রার্থীদের গণগ্রেফতার করা হচ্ছে। ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, তারা ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা? এ অবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।

 

গতকাল সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের সম্পৃক্ততা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে সভাপতিত্ব করেন সিজিএসের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আতাউর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনীতিবিদ, নির্বাচনী পর্যবেক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ গণমাধ্যম ব্যক্তিরা।

 

সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, রাজনৈতিক প্রচারণা হলো জনসমর্থন পাওয়ার জন্য। কিন্তু দেশে রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য প্রচারণার কার্যক্রম চলছে। এখন একপেশি মাঠ বাস্তবতা তৈরি হয়েছে। প্রচারণায় প্রতিপক্ষ শিবির অনুপস্থিত, গায়েবি মামলায় গ্রেফতার হচ্ছে, পর্যবেক্ষকদের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে। এসবের ফলে ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। এ বিষয়ে গণমাধ্যমের কাজ করতে হবে।

 

দেশের রাজনৈতিক দলগুলো কতটুকু জনগণ নিয়ে চলেন, এ প্রশ্ন করে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন মানেই প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন নয়। ভোটকেন্দ্রে থেকে সম্প্রচারের বিষয়ে কেন নির্বাচন কমিশনে গিয়ে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করছেন না? গণমাধ্যম নির্বাচন কমিশনকে কতটুকু প্রভাবিত করতে পারবে, সেটা আসল বিষয়। অনেকে বলছে সেনাবাহিনী এলে পরিবেশ ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরিস্থিতি কতটুকু বদলাবে, সেটা দেখতে হবে।

 

সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ও বিচারক একতেদার আহমেদ বলেন, গণমাধ্যমের একার পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করা সম্ভব নয়। বিচার বিভাগ থেকে নিরপেক্ষ বিচার পাওয়ার আস্থা থাকতে হবে। রিটানিং কর্মকর্তা থেকে যদি প্রার্থিতা বাতিল হয়ে যায়, তাহলে সর্বশেষ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হবে। কিন্তু আদালতে এসে আবার প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে। প্রার্থিতা বাতিল হলে আরপিও অনুযায়ী নতুন করে নির্বাচনী কার্যক্রম শুরু হওয়া উচিত, না হলে প্রার্থীদের সঙ্গে অন্যায় করা হবে।

 

বাংলাদেশের গণতন্ত্রের ভেতরটা শুকিয়ে গেছে মন্তব্য করে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ’৭৫-পরবর্তী কোনো প্রতিষ্ঠান বিকশিত হতে পারেনি। দু-একটি পত্রিকা ব্যতীত গণমাধ্যমও বিকশিত হতে পারেনি। ফলে গণমাধ্যম সরকার গঠন ও ভাঙার মতো কাজ করতে পারছে না। সাংবাদিকতাকে নগ্ন সত্যকে ধারণ করতে হবে। সরকারের ভুলকে শুধরে দেয়ার দায়িত্ব গণমাধ্যমের।

 

নির্বাচনে গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে মূল প্রবন্ধ আলোচনায় নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, স্বাধীনতায় সাম্য ও ন্যায়বিচারের কথা বলা হলেও ৪৭ বছর ধরে সমাজ ব্যবস্থা খাড়াখাড়িভাবে বিভক্ত হয়ে আছে। সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে, এমন একটি নির্বাচন ব্যবস্থা দুটি রাজনৈতিক দল তৈরি করতে পারেনি। নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের যে সামাজিক-রাজনৈতিক লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, সেটি নেই।

 

টিভি উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সেন্টার পর গভর্ন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. এম আতাউর রহমান, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব এনাম খান, সিজিএসের ভাইস চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী ও ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী প্রমুখ।

 

News Courtesy: http://bonikbarta.net