Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

প্রেস ব্রিফিংয়ে কীটতত্ত্ববিদরা শুধু লার্ভা নয়, এডিস মশা নিধনে জোর দিতে হবে

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ডেঙ্গু মহামারী প্রতিরোধে এডিস মশার লার্ভা নিধনের চেয়ে পূর্ণাঙ্গ এডিস মশা নিধনের ওপর জোর দিয়েছেন কীটতত্ত্ববিদরা। গতকাল সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি এবং ডেঙ্গু মহামারী প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সিজিএসের চেয়ারম্যান ও কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী এবং মেডিকেল কীটতত্ত্ববিদ ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদ উদ্দিন আহমেদ। আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিএম সাইফুর রহমান। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বক্তারা বলেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি মহামারীর দিকেই যাচ্ছে। প্রেস ব্রিফিংটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুুর রহমান।

ড. মঞ্জুর আহমেদ চৌধুরী ডেঙ্গু মহামারীর শঙ্কার কথা জানিয়ে বলেন, চলমান কভিড-১৯ মহামারীর সময়ে আরেকটা ডেঙ্গু মহামারী হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এ মহামারী প্রতিরোধে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। লার্ভা নিধন না করে পূর্ণাঙ্গ এডিস মশা নিধনের প্রতি জোর দিতে বলেছেন তিনি। বিশ্বের অন্যান্য দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এডিস মশার বিস্তার রোধে যেসব কার্যক্রম গ্রহণ করার দিকে নজর দিয়েছে সেগুলো আমাদের দেশে প্রয়োগের জন্য তিনি বিশেষ আহ্বান জানান।

তৌহিদ উদ্দিন আহমেদ ডেঙ্গুর সংক্রমণ বিষয়ে পূর্বপ্রস্তুতি নিতে জরিপ করার দিকে বেশি গুরুত্ব দিয়ে বলেন, ডেঙ্গু সংক্রমণ এক ধরনের ঢেউয়ের মতো। প্রতি বছরই যে একই রকম হবে তা নয়। ২০০০ সালে শনাক্ত হওয়ার পর থেকে এ বছর পর্যন্ত আমরা বিভিন্নভাবে এর সংক্রমণ দেখেছি। কোনো বছর কম, কোনো বছর বেশি। তবে চলতি বছর করোনা মহামারীর সময়ে আগে থেকেই এ বিষয়ে আমাদের প্রস্তুতি নেয়া উচিত ছিল। ডেঙ্গু মহামারী প্রতিরোধে কীটতত্ত্ববিদদের সঙ্গে আলোচনা করে সরকারকে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণকেও সচেতন করতে হবে।

ড. জিএম সাইফুর রহমান বলেন, প্রজনন সময়ের আগেই এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষত ঢাকা শহরে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে বছরের শুরু থেকেই বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামা জরুরি। শুধু ড্রেনে, ঝোপঝাড়ে কীটনাশক স্প্রে করলে হবে না। বাসাবাড়ির ভেতরে, আনাচে-কানাচে ভালোভাবে স্প্রে করতে হবে।

সবশেষে ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, যেহেতু শিশুরা ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে সবচেয়ে বেশি, তাই শিশুদের ওপর বেশি যত্ন নিতে হবে। শিশুদের মশারি ছাড়া ঘুমাতে দেয়া যাবে না। শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করাতে হবে। জ্বর হলে অবিলম্বে ডেঙ্গু এবং করোনা দুটোই পরীক্ষা করাতে হবে।

News Courtesy:

https://bonikbarta.net/home/news_description/271417/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87?fbclid=IwAR0_3KkVUxnCwTIGkJbRWz5gwsi8YyU-BiwMgNIVAkZ-OSErACmDC4zJ4rQ