Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা আর কোথাও শুনিনি: জাপানের রাষ্ট্রদূত

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে প্রত্যাশা করছে জাপান। এই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কোনো সুযোগ থাকবে না বলেও আশা করছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ—সিজিএস এবং ফ্রেডরিক-অ্যাবার্ট-স্টিফটুং—এফইএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসাডর’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকার গুলশানের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

নির্বাচন নিয়ে জাপানের মতামতের বৈশ্বিক গুরুত্বের বিষয়টি তুলে ধরে দেশটির রাষ্ট্রদূত বলেন, ‘এর আগে আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি। এটি পৃথিবীর আর কোথাও শুনিনি। তবে আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’

জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী মন্তব্য করে ইতো নাওকি বলেন, ‘আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন প্রত্যাশা করি। উন্নয়ন ও অগ্রযাত্রা চলমান রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।’

জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ আরও বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে আরো অনেক অবকাঠামো নির্মাণের প্রয়োজন পড়বে। উন্নয়নের এই যাত্রায় জাপান ও জাইকা বাংলাদেশের পাশে থাকবে।’

‘বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার বাণিজ্যিক করিডরে গুণগত অবকাঠামো উন্নয়নে জাপান যেসব সহায়তা দিচ্ছে তা অব্যাহত রাখবে। বাংলাদেশের এই মহা-উৎসবে আসতে পেরে জাপান আনন্দিত।’

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন করা অনেক চ্যালেঞ্জের বলেও মনে করেন ইতো নাওকি। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জাপান কাজ করে যাচ্ছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত।

News Courtesy:

https://www.dhakatimes24.com/2022/11/14/287213