Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

মতপ্রকাশের অধিকার খর্ব করতেই ডিজিটাল নিরাপত্তা আইন – সিজিএস ওয়েবিনার

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। এছাড়া প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন পাস হলে এই অস্ত্র আরও শক্তিশালী হবে। গত দুই বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ১০৮টি মামলায় ২০৮ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রীয়াজ। শনিবার (২৩ এপ্রিল) সুশাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিজিএসের আয়োজনে ‘অন্তহীন দুঃস্বপ্ন বাংলাদেশ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮’ শিরোনামের ওয়েবিনারে এ বিষয়ে গবেষণা প্রতিবেদনে মুখ্য আলোচকের আলোচনায় তিনি এই তথ্য জানান।

ওয়েবিনারে মূল প্রবন্ধ তুলে ধরেন রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রীয়াজ। তিনি জানান, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে ৮৯০টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ২৪৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ৮৪২ জনকে আটক করা হয়। ওয়েবিনারে আলোচকেরা মানুষের ব্যক্তিগত তথ্য ও পরিধি হরণকারী এবং বিতর্কিত এসব আইন প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

ওয়েবিনারে বিশিষ্টজনরা বলেন, মতপ্রকাশের অধিকার খর্ব করতেই এ সব করছে সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত ২৬ মাসে প্রতিদিন গড়ে দু'জন আটক হয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে। আটকদের বড় অংশই রাজনীতিবিদ ও সাংবাদিক। ওয়েবিনারে বক্তারা আরও অভিযোগ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন পাস হলে এই অস্ত্র আরও শক্তিশালী হবে।

গত চার বছর ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ হাজতবাস হয়েছে অনেকের। আইনের অপপ্রয়োগের অভিযোগ উঠেছে দেশে-বিদেশে। যা স্বীকার করেছেন আইন এবং পররাষ্ট্রমন্ত্রী। ওয়েবিনারে অংশগ্রহণকারীরা বলেন, প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই উদ্বেগের। এ সময় বক্তারা অভিযোগ করেন, ডিএসএ, ওটিটি বা তথ্য নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা।

লেখক আলী রীয়াজ বলেন, ‘এই আইনে রাজনীতিবিদ ও সাংবাদিকেরা সবচেয়ে বেশি অভিযুক্ত হচ্ছেন। ৮২০ জনের পেশার তথ্য পেয়েছি। এর মধ্যে প্রায় ৩১ শতাংশ রাজনীতিবিদ ও ২৫ শতাংশ সাংবাদিক। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে এই আইনের শিকার হচ্ছেন ছাত্র ও ব্যবসায়ীরা। এই আইনে এখন পর্যন্ত অভিযুক্ত ১৯ জনের বয়স ১৮ বছরের নিচে। এই আইনে ১০৮টি মামলায় ২০৮ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। এই ১০৮টি মামলা করেছেন ৯৬ জন অর্থাৎ একই ব্যক্তি একাধিক মামলা করেছেন। অভিযুক্ত এবং আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় সাংবাদিকদের সংখ্যা বেশি। রাজধানীর বাইরে যাঁরা সাংবাদিকতা করছেন, এই আইন তাঁদের জন্য একটি বড় রকমের বাধা হয়ে দাঁড়িয়েছে।’ 

এসব মামলা প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, যাঁরা এই মামলাগুলো করছেন, তাঁদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয় রাজনীতিবিদের সংখ্যাই বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা মোট ১৫৪টি মামলা করেছেন। এগুলো কোনো না কোনোভাবে সরকারের অনুমোদন বা ইঙ্গিত পেয়েই করা হয়েছে বলে ধরে নেওয়া যায়। এ ছাড়া সরকারদলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এমন ব্যক্তিগত মামলা হয়েছে ২০৬টি। 

ওয়েবিনারে আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘একটি বিশেষ মতাদর্শের মানুষকে রক্ষা করার জন্য কোনো আইন হতে পারে না। ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়ে যে আইনটি হচ্ছে, তা নিয়েও আমরা খুবই চিন্তিত। এটা ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) থেকেও ভয়ংকর। আমাদের সাইবার ট্রাইব্যুনালে যেসব বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের সাইবার সম্পর্কে ধারণা খুবই কম। ডিএসএ মামলায় জেলে মানুষ মারা গেছে, অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। নির্বাচন আসছে, ভবিষ্যতে ডিএসএর ব্যবহার কত ব্যাপক হবে, তা নিয়ে আমরা শঙ্কিত।’ 

আইসিটি আইনে যে সমস্যাগুলো ছিল ডিএসএতেও সেই সমস্যাগুলো রয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। তিনি বলেন, ‘এখন আবার আরেকটি আইন করা হচ্ছে। রাষ্ট্রের ভাবমূর্তি বলতে কী বোঝায়? রাষ্ট্র এবং সরকার কিন্তু এক বিষয় না। আগে রাজা-বাদশা যারা ছিল তারাই ছিল রাষ্ট্র-সরকার। কিন্তু স্বাধীন দেশ হওয়ার পর মানুষের চিন্তায় রাষ্ট্র-সরকারের ধারণা আলাদা হলেও আমাদের দেশে তা আসলে কতটুকু হয়েছে, তা ভেবে দেখা দরকার। ধর্মীয় অনুভূতিতে আঘাত বলতে কী? কারও অনুভূতি যদি ঠুনকো হয়ে থাকে? কার অনুভূতি? এ রকম ব্লাসফেমি অফেন্স আমরা রাখতে চাই কি না? আমার তথ্যের মালিক যদি আমি হই তাহলে সরকার কেন আমার তথ্য নিয়ে যাবে? জনগণের তথ্য তাঁর সম্পত্তি। তাঁর তথ্য, সম্পত্তি রক্ষা করাই রাষ্ট্রের কাজ।’ 

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের হাতে কড়া পরিয়ে শৃঙ্খলিত করার একটা প্রচেষ্টা চলছে। কর্তৃত্ববাদী রাষ্ট্র কতগুলো আইন করে জনগণের অধিকার রক্ষা করার বদলে আরও ক্ষুণ্ণ করছে। এই আইনগুলো এখন অস্ত্রে পরিণত হয়েছে। এসব অস্ত্র যখন যার বিরুদ্ধে প্রয়োজন সেখানে প্রয়োগ করা হয়। ক্ষমতাসীন ও তাদের অনুগতরা শুধু আইন দিয়ে না, তারা নিজেরাও নানান অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। যে আইনগুলো হচ্ছে, এসবের কোনোটাই জনগণের স্বার্থে নয়, এগুলো ক্ষমতাসীনদের স্বার্থে। এগুলো প্রতিরোধ করা না গেলে আমাদের জীবযাপন আরও দুঃসহ হবে।’ 

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব.) বলেন, ‘আমাদের ব্যক্তিস্বাধীনতা নানাভাবে খর্ব হচ্ছে। রাজনৈতিক স্বাধীনতা কী মানুষের আছে? রাজনৈতিক দলের নেতারাই যদি কথা বলতে না পারেন, তাহলে সাধারণ মানুষ কথা বলবে কীভাবে? ডিএসএর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। মুক্তভাবে তথ্য, কথা আদান-প্রদানের যে জায়গা ছিল, তা সংকুচিত হয়ে গেছে। আমি নতুন বই লিখতে এখন ভয় পাই। এখন আরও একটি আইন হচ্ছে। সামনে নির্বাচন, নির্বাচনের আগে এসব আইন করে গণতান্ত্রিক সরকারের খুব বেশি সুবিধা হবে না।’

News Courtesy:

https://jobabdihi.com/details.php?id=64706&fbclid=IwAR13SjyV6416nUZ1QLq7F4FBZDGTdzLrOnVIVC9vju-ed7tH3MflPJmkRes