ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য নয়, বরং নাগরিকের মত প্রকাশের মৌলিক অধিকারকে হরণ করার জন্য প্রণয়ন করা হয়েছে। গতকাল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ : নাগরিক সমাজের চোখে’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এই মন্তব্য করেন। বক্তারা অবিলম্বে এই আইনটি বাতিলের দাবি জানান।
আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান এবং সিজিএস বোর্ড মেম্বার ড. মোহাম্মদ আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর এবং আর্টিকেল নাইনটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ আমাদের সমাজে একটি ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে। এই আইনের ব্যবহার বাংলাদেশে একই সাথে গণতন্ত্র এবং মানবাধিকারের সঙ্কটপূর্ণ চিত্রকে তুলে ধরছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ৮৩৫টি মামলার বিস্তারিত তথ্যাদি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এসব মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ২০২২ জন। অভিযুক্তদের মধ্যে শীর্ষে আছেন রাজনীতিবিদ এবং পরে রয়েছেন সাংবাদিকরা। এই আইনের আওতায় করা বেশির ভাগ মামলাই মানহানি মামলা। তবে যার মানহানি হয়েছে তিনি মামলা না করে মামলা করছেন অন্যজন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে সমগ্র বিশ্বেই আমরা গণতন্ত্রের সঙ্কোচন দেখতে পাচ্ছি। বিশ্বের ৭০ শতাংশ ব্যক্তি একনায়কতন্ত্রের করায়ত্তে চলে এসেছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়ন করার সাথে সাথে আইনের ফাঁকফোকরও রেখে দেয়া হয়েছে, যাতে আইনের অপপ্রয়োগ চলতে পারে। এই আইনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, যেকোনো আইন হতে হবে জনগণের কল্যাণের জন্য, জনগণের নিরাপত্তার জন্য। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে কোনো আইন প্রণয়ন করা কাম্য নয়। তিনি আরো বলেন, আমরা আইনের বিরুদ্ধে কথা বলছি না। আইনে অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ জিনিস থাকে। আইন প্রণয়নের উদ্দেশ্যে কোনো সমস্যা থাকে না। সমস্যা থাকে আইনের প্রয়োগে। এজন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গি এবং মনোভঙ্গির সংস্কার। তাহলে যেকোনো আইন-ই উপকারী হবে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে। এই অপপ্রয়োগের জায়গাগুলো চিহ্নিত করে তিনি সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
ড. মীজানুর রহমান বলেন, এই আইনে রাষ্ট্রদ্রোহ, মানহানি ও ধর্মীয় অনুভূতির মতো বিষয়গুলোকে পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা হয়নি এবং এই আইনের আওতায় করা মামলাগুলো সহজে নিষ্পত্তি হয় না। ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ ঘটানো খুব সহজ। তিনি বলেন, সরকার যদি সরকারবিরোধী আন্দোলনকে রুখতে এই আইন প্রণয়ন করে থাকে, তাহলে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কেননা, সরকারবিরোধী কর্মকাণ্ডগুলোর উসকানি আসে দেশের বাইরে থেকে।
ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নিরাপত্তা আসলে কার? জনগণের, রাষ্ট্রের না। মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক কোনো আইন নিরাপত্তা নিশ্চিত করে না, নিরাপত্তা চুরমার করে। ‘আইনে সমস্যা নয়, আইনের অপপ্রয়োগে সমস্যা’ এটা একদম গতানুগতিক কথা। বিশেষ ক্ষমতা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইন আমরা যেভাবে রোধ করেছি, এই আইনের বিপক্ষেও আমাদের সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ফারুখ ফয়সল বলেন, নাগরিক অধিকার বলতে আমরা যা বুঝি কারও ক্ষতি না করে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে এই অধিকারকে ক্ষুণœ করা হয়েছে। এই আইন নাগরিকদের অধিকারের পক্ষে নয়। একই সাথে গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
সভাপতির বক্তব্যে সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৬২টি ধারার মধ্যে ১৪টি ধারাই জামিন অযোগ্য। সংবিধানে যে বাকস্বাধীনতা, চিন্তার স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে, এই আইনের মাধ্যমে সেই সব স্বাধীনতা নস্যাৎ করে দেয়া হয়েছে। এই আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। তিনি অবিলম্বে এই আইনকে বাতিল করার আহ্বান জানান।
News Courtesy:
