মশা নিয়ন্ত্রণ এবং মশাজনিত স্বাস্থ্যগত সমস্যাগুলোর সমাধানে একটি সেল খোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার সকালে পরীবাগের বিস মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘ভেক্টর প্রবলেমস ইন বাংলাদেশ; এন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
এলজিআরডি মন্ত্রী বলেন, এরই মধ্যে স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দিয়ে এই সেলের কাজ কী হবে, এর খসড়া তৈরির কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, মশাবাহিত রোগগুলো শুধু শহরে নয়, গ্রামেও হয়। এ মন্ত্রণালয় শহর, নগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কাজ করে থাকে। সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, মশাবাহিত রোগের সমস্যা সমাধানে জনসচেতনতার বিকল্প নেই। সচেতনতা বাড়াতে হলে পাঠ্যবইয়ে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের গরুর রচনা পড়ালে চলবে না। সড়কে চলাচলের নিয়মকানুন ও মশাবাহিত রোগসহ জনসচেতনতামূলক নানা বিষয় জাতীয় শিক্ষা বোর্ডের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে শিশুরা ছোট থেকে বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিজিএসের ভাইস চেয়ারম্যান ডা. মনজুর আহমেদ চৌধুরী। সেমিনারের আলোচনায় অংশ নেন কিটতত্ত্ববিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।
Content Courtesy: https://www.jugantor.com/todays-paper/second-edition/234312