Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

মাদকে পুলিশ সাংবাদিক বিত্তবানরাও : স্বরাষ্ট্রমন্ত্রী

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

মাদক কারবারের সঙ্গে পুলিশ, সাংবাদিক ও বিত্তবানরাও জড়িত মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, যারা মাদক কারবারে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসি, কেউ বাদ যায় না। জেলখানায় গিয়ে দেখুন, মাদকের মামলায় পুলিশের সদস্য যেমন আছে, র‌্যাবের সদস্যও আছে, তেমনি অন্য ব্যবসায়ীরাও রয়েছে। পুলিশ বলে তার জন্য আইন আলাদা হবে বিষয়টি এমন নয়। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘মাদকাসক্তি

নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।

পুলিশে নিয়মিত ডোপ টেস্ট করা হয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘ডোপ টেস্টে পজিটিভ হলে সে পুলিশ সদস্যকে বরখাস্ত করা হচ্ছে। এ জায়গাটায় আমরা খুব কঠিন অবস্থানে চলে এসেছি। চাকরির শুরুতে যারা সিলেক্টেড হবে, তাদের ডোপ টেস্ট করার প্রচলন পুরোপুরি নিতে যাচ্ছি। পুলিশ-বিজিবি সব জায়গায় ডোপ টেস্টের প্রচলন রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকাসক্ত হচ্ছে কিনা, সেখানেও মনে হলে আমরা ডোপ টেস্ট করব।’

মাদকের চাহিদা কমাতে সবাইকে এগিয়ে আসতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। ২০৪১ সালের মধ্যে যে স্বপ্ন দেখছি, এই যে আমাদের উন্নয়ন, তার সব বরবাদ হয়ে যাবে যদি মাদকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে না পারি। এ ছাড়া মাদকের চাহিদা কমাতে মিডিয়ার অনেকখানি গুরুত্ব রয়েছে। আমরা মাদকের চাহিদা হ্রাসে শুধু ক্রোড়পত্র দেই না, ছোট ছোট টিভিসি বানাচ্ছি। প্রত্যেক জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল ও সক্ষমতা বৃদ্ধি করছি, ল্যাবও হয়েছে।

দেশের জেলখানাগুলোর ৬০ শতাংশ বন্দিই মাদক কারবারি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শক্তিশালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করেছি। কিন্তু সব সময় থাকে ৮০ হাজার থেকে লাখের বেশি বন্দি, আর এর মধ্যে ৬০ শতাংশই মাদক ব্যবসায়ী। সারা বাংলাদেশে জেলখানার ধারণক্ষমতা আছে ৪১ হাজারের বেশি। কিছুদিনের মধ্যে এটা আরও বাড়বে।’ মাদকের সরবরাহ কমাতে বিজিবি, কোস্টগার্ডের সক্ষমতা ও জনবল বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক আজিজুল ইসলাম, অধ্যাপক অরূপ রতন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান প্রমুখ।

News Courtesy:

https://www.dainikamadershomoy.com/post/398148