বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে বিভিন্ন পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘মিট দি অ্যাম্বাসাডর’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে বক্তব্য দেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম।
শহিদউল্লাহ আজিম বলেন, ব্রিটিশ সরকার বিদ্যমান জিএসপি ব্যবস্থার পরিবর্তে ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’ নামের নতুন একটি স্কিম ঘোষণা করেছে। এই স্কিম অনুযায়ী এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল। ২০২১-২২ অর্থবছরে যুক্তরাজ্যে ৪৪৯ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে। একই সঙ্গে গত কয়েক দশক ধরেই যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্য হারে বাড়ছে।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের চেয়ারম্যান মঞ্জুর এ চৌধুরী, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান প্রমুখ।
News Courtesy:
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2022/08/23/1175635
