Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

শিগগিরই রোডম্যাপ দেবে সরকার : এম সাখাওয়াত

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-মানবাধিকার প্রসঙ্গ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা জানান। 

সাখাওয়াত হোসেন বলেন, ‘অনেকগুলো কাজ নির্ধারণ হওয়ার পর রোডম্যাপ হবে। মাত্র দুই মাস, এর মধ্যে কেউ এখানে গণ্ডগোল করছেন, কেউ ওখানে গণ্ডগোল করছেন।

এর মধ্যে আবার ভয়াবহ বন্যা। প্রশাসনকে রিঅর্গানাইজ করতে হচ্ছে। আশা করি, খুব শিগগির রোডম্যাপ হবে। রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, যে কমিশনগুলো করা হয়েছে তারাও ডাকবে।

সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘আমরা চেষ্টা করছি, ছয়টি সংস্কারের কথা বলা হয়েছে। এগুলো অনেক বড় ধরনের সংস্কার। তিন দিন বা তিন মাসে হবে না। এগুলোর দায়িত্বে যারা আছেন তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করবেন।

রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করলে এগুলো টেকসই হবে না।’ 

সভায় সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য কী কী সুনির্দিষ্ট সংস্কার প্রয়োজন? র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মতো এলিট আইন প্রয়োগকারী ইউনিট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্বারা হয়রানি ও অপব্যবহার রোধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? এই সংস্থাগুলোকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে তা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন।’ 

গত ১৬ বছরে ক্রসফায়ারের মাধ্যমে ৬ হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে আইন ও সালিস কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোতে যারা কাজ করেন তারা আমাদের সন্তান। কোন প্রক্রিয়া তাদের খুনি বানাচ্ছে? সেই প্রক্রিয়াকে প্রশ্ন করতে হবে।’ তিনি আয়নাঘরসহ বিভিন্ন বাহিনীর টর্চার সেলগুলোকে দালিলিক প্রমাণের লক্ষ্যে সংরক্ষণের দাবি জানান।

মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম বলেন, ‘গত ১৬ বছর গুম-খুনের যে ধারাবাহিকতা চলছিল জুলাই অভ্যুত্থানে তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ করেছিল সরকার।’ 

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন নারী অধিকার কর্মী ইলিরা দেওয়ান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট দিলরুবা শরমিন, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, রাজনৈতিক পর্যবেক্ষক সালেহ আহমেদ, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণফোরামের কার্যনির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রাজনীতি বিশ্লেষক আশরাফ কায়সার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি নাইমা আক্তার রীতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি তৌহিদ সিয়াম প্রমুখ।

News Courtesy:

https://www.kalerkantho.com/online/national/2024/09/28/1429833