Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

সংলাপের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধান করুন: তুরস্কের রাষ্ট্রদূত

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সংলাপের ওপর জোর দিয়েছেন ঢাকার তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও সব দলকে এগিয়ে আসতে হবে। আশা করি, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করবে বলে আশা করেন তিনি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে বলেও জানান রাষ্ট্রদূত।

বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় 'মিট দ্য অ্যাম্বাসাডর' সিরিজ শীর্ষক অনুষ্ঠানের যৌথ আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং, বাংলাদেশ (এফইএস, বাংলাদেশ)। অনুষ্ঠানে এবারের অতিথি ছিলেন ঢাকার তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তিন পর্বের এ অনুষ্ঠানের প্রথম অংশে ছিল রাষ্ট্রদূতের বক্তৃতা এবং দ্বিতীয় অংশে রাষ্ট্রদূতের সঙ্গে একটি আলোচনা পর্ব। অনুষ্ঠানের শেষ অংশে ছিল প্রশ্নোত্তর পর্ব; যেখানে আমন্ত্রিত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা সরাসরি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এতে সূচনা বক্তব্য দেন সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন করলে রাষ্ট্রদূত বলেন, 'বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান আমি বুঝি। আমি মনে করি, আমার সঙ্গে আপনাদের চিন্তা না জানিয়ে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন।'

মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সুযোগ আছে। তবে দুঃখজনকভাবে এটি এখন হচ্ছে না। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, যেটি দেশের অর্থনৈতিক অগ্রগতিকে কমিয়ে দেবে। নির্বাচন প্রস্তুতি যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়। একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন দেশটি নিজেদের অভ্যন্তরীণ বিষয়ের দায়িত্ব নেয়। গণতন্ত্রের প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। একই সঙ্গে বিরোধী দলেরও দায়িত্ব আছে। গণতন্ত্রে দুটি পক্ষ থাকে। পৃথিবীর অনেক উন্নত দেশেও গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সমস্যা আছে বলে তিনি জানান।

মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশের সরকার এবং নির্বাচন কমিশন চেষ্টা করছে, যাতে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করে। বিরোধী দল অংশ না নিলে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার সুযোগ হারাবে। বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি, সেটি হয়েছে স্থিতিশীলতা থাকার জন্য। আমরা এটি স্বীকার করি, মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কিছু বাধা আছে বাংলাদেশে এবং অনেক সময় মানুষের মনের ভাব প্রকাশ করতে সমস্যা হয়।

ডিজিটাল সিকিউরিটি আইনের অনেক সমালোচনা আছে মন্তব্য করে তিনি বলেন, তুরস্কসহ অনেক দেশে এই সমস্যা আছে। সরকার যদি মতপ্রকাশের ব্যবস্থা করে, তবে যে টেনশনটি আছে, সেটি অনেক কম হবে।

প্রতিরক্ষা সহযো গিতা নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, সহযোগিতা শুধু সামরিক সরঞ্জাম কেনাবেচার বিষয় নয়, এটা কৌশলগত সহযোগিতার বিষয়ও। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চাই। বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন, পেট্রোল-ভেসেল কিনেছে। আমি ম নে করি, সামরিক সরঞ্জাম তৈরিতে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে।

যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে আঙ্কারার অবস্থান নিয়ে প্রায়ই গণমাধ্যমের মুখোমু খি হতে হয় ব লে জানান তুরস্কের রাষ্ট্রদূত। তি নি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঢাকা-আঙ্কারা সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তবে সেই ভুল বোঝাবুঝির অবসানও হয়েছে। আমরা সে সময় বন্ধু দেশ হিসেবে শুধু আমাদের মতামত দিয়েছিলাম।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে তিনি বলেন, তুরস্ক সরকার বাংলাদেশকে সব ধরনের কূটনৈতিক সহায়তা প্রদান করছে। মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার জন্য তিনি বাংলাদেশকে এগিয়ে আসতে বলেন। রোহিঙ্গা নিয়ে অর্থনৈতিক ও আইনি সহায়তা প্রদানে তুরস্ক পিছপা হবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তুরস্কের অবস্থানের কথা তুলে ধরে মোস্তফা ওসমান তুরান বলেন, তুরস্কের মধ্যস্থতার কারণেই ইউক্রেন-রাশিয়া সীমান্তে খাদ্যশস্য পরিবহন ও বিভিন্ন দেশে তা রপ্তানি করা সম্ভব হয়েছে।

অতীত, বর্তমান ও ভবিষ্যতে তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রাচীন সময় থেকেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। সম্পর্কের উত্থান-পতনও রয়েছে। দুই দেশের সম্পর্কের গভীরতা তুলে ধরে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা প্রভৃতি সব ক্ষেত্রে দুই দেশের বিনিময় এবং অভিন্নতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ-তুরস্ক ব্যবসায়িক ফোরাম গঠনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে ভিন্নতা এবং অগ্রগামিতা আসবে বলে উল্লেখ করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও এরপর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন বলে জানান তিনি। এ সময়ে ঢাকা লিট ফেস্টে নোবেল বিজয়ী ওরহান পামুক আসবেন বলে আগাম সুসংবাদ দেন রাষ্ট্রদূত।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংগঠনের সঙ্গে সুসম্পর্ক তৈরির ওপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন মোস্তফা ওসমান তুরান। আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ রাজনীতি ও অর্থনীতিতে আরও এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-তুরস্কের নিরাপত্তা চুক্তির মাধ্যমে মানব পাচার, মাদক পাচার, জঙ্গিবাদ মোকাবিলায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আলোচনায় বাংলাদেশের অবস্থান এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপে তুরস্ক বাংলাদেশের পাশে। বিনিয়োগের জন্য ফার্মাসিউটিক্যালস, আইটি ও সমরাস্ত্রকে নতুন ক্ষেত্র হিসেবে তুরস্ক দেখছে এবং সেইসঙ্গে অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশ ভবিষ্যতে কাজ করবে।

News Courtesy:

https://samakal.com/bangladesh/article/2211141869/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%82%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%82%E0%A6%A4