অনেক সমালোচনা সত্ত্বেও ডিজিটাল নিরাপত্তা আইন শুধু নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনে পরিবর্তন করা হয়েছে বলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ওয়েবিনারে বক্তারা মন্তব্য করেছেন। তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান মানা হয়নি।
সিজিএসের ‘ডিজিটাল নিরাপত্তা, উন্নত গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে উপস্থিত ছিলেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ড. আলী রীয়াজ, নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, সাংবাদিক কামাল আহমেদসহ অন্যরা।
ড. আলী রীয়াজ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩, ৫৩—এ নয়টি ধারা মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে। আন্তর্জাতিক মানের কথা বলা হলেও ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে তত্ত্বাবধান করার কোনো উপায় নেই। এ আইনের একটি সমস্যা হলো এখানে বিচার করার ক্ষমতা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। এই এজেন্সি সরকারের অংশ হিসেবে কাজ করছে। বিচারিক তত্ত্বাবধান ছাড়া একটি এজেন্সি একাই এ কাজ করতে পারে না। অন্যদিকে বাইরের দেশগুলোয় এ আইনকে তত্ত্বাবধান করার জন্য প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আছে, যা আমাদের এখানে অনুপস্থিত। অর্থাৎ ভোক্তাকে নিরাপত্তা দেয়ার ব্যবস্থা নেয়া হয়নি।’
নুরুল কবীর বলেন, ‘ডিএসএ নিয়ে সব মহলে সমালোচনা হওয়ায় সেই নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্য দিয়ে জনগণ ও গণতন্ত্রপরায়ণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাইবার সিকিউরিটি থাকা দরকার। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে মিলিয়ন মিলিয়ন ডলার চুরি হওয়া নিয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা আমরা দেখিনি। এছাড়া কিছুদিন আগে পাঁচ লাখ এনআইডি হ্যাকড হয়ে গেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তা রক্ষা করতে পারেনি। এগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে নাগরিকদের নিরাপত্তার জন্য এ আইন প্রণয়ন হয়নি।’
কামাল আহমেদ বলেন, ‘ওয়েবসাইটে ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়াটি দেয়া হয়েছে। এটিতে নামমাত্র পরিবর্তন করা হয়েছে। যেখানে শুরুতেই বলা হয়েছে—ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, বিচার ও আনুষঙ্গিক বিষয়ে বিচার, প্রতিরোধ করা সমীচীন ও প্রয়োজনীয় বলে এ আইনটি করা হয়েছে। নতুন আইনের উদ্দেশ্য একই। এ আইন সাইবার আইন থেকে বাদ দেয়া উচিত। এ আইনের একটি গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক দিক হলো, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত ব্যবহার। যার অপব্যবহারের কারণে লেখক মোস্তাকের প্রাণহানি ঘটেছে।’
News Courtesy: