কভিড-১৯ মহামারীর সময়ে ১ কোটি ৪৭ লাখ পরিবারের (মোট জনসংখ্যার ৪১ শতাংশ) মধ্যে প্রতি পরিবার থেকে কমপক্ষে একজন কর্মসংস্থান হারিয়েছে। ফলে অনেক পরিবার, বিশেষ করে নিম্ন আয়ের পরিবার তাদের আয়ের প্রাথমিক উৎস হারিয়েছে। অন্যদিকে সমাজের উচ্চ আয়ের পরিবারের অবস্থা মহামারীর আগের মতোই।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) পরিবারভিত্তিক একটি জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপটি কভিড-১৯ মহামারীর আগে ও মহামারী চলাকালে দুর্নীতির উপলব্ধি এবং অভিজ্ঞতা তুলে ধরেছে। পাশাপাশি এটা দেশের দুর্নীতির প্রকৃতি এবং এর ব্যাপকতা অনুসন্ধান করেছে।
জরিপের ফল বলছে, অধিকাংশ বাংলাদেশী নাগরিক যেকোনো ধরনের দুর্নীতির বিপক্ষে, কিন্তু অনেকেই এ বিষয়ে প্রশ্রয়মূলক দৃষ্টিভঙ্গিও পোষণ করেন। দুর্নীতির প্রতি অধিক সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণকারী নাগরিকরা সাধারণত দুর্নীতির শিকার হয়নি এবং গ্রামীণ এলাকায় বসবাস করে।
দুর্নীতিকে দেশের সর্বজনীন ব্যাধি হিসেবে বিবেচনা করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) অনুসারে সমসাময়িক বছরগুলোয় কিছুটা উন্নতি হওয়া সত্ত্বেও বাংলাদেশ উচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত। ২০২১ সালে ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭, যার অবস্থান দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই।
জরিপটি ২০২১ সালের ২৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে ১ হাজার ২৩১ জন জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল প্রাপ্তবয়স্কদের মধ্যে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমে পরিচালনা করা হয়।
বাংলাদেশের নাগরিকদের মধ্যে দুর্নীতি দমন আইন বিষয়ক সচেতনতা খুব কম, জরিপের ফলাফল অনুযায়ী যা মাত্র ৫ দশমিক ৭ শতাংশ। যারা সচেতন তাদের মধ্যেও দুই-তৃতীয়াংশের বেশি বিশ্বাস করে যে বিদ্যমান আইনগুলোর মধ্যে এ অধিকারগুলোর চর্চা সম্ভব।
দুর্নীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি, মনোভাব, বিশ্বাস এক প্রকার মিশ্র ধারণা নির্দেশ করে। ৪৪ শতাংশ উত্তরদাতা মনে করে, বর্তমান দুর্নীতির পর্যায় হলো অগ্রহণযোগ্য, প্রায় এক-তৃতীয়াংশ (৩৪ শতাংশ) এটাকে গ্রহণযোগ্য মনে করে এবং এক-পঞ্চমাংশের কিছুটা বেশি (২২ শতাংশ) এ ব্যাপারে অনিশ্চিত। ‘কিছু প্রকার দুর্নীতি গ্রহণযোগ্য’ বিষয়ে জিজ্ঞাসা প্রসঙ্গে এর অগ্রহণযোগ্যতা গুরুতরভাবে বেড়েছে। প্রায় দুই-তৃতীয়াংশ (৬২ শতাংশ) উত্তরদাতার মতে, এটা অগ্রহণযোগ্য, প্রায় এক-তৃতীয়াংশ (৩১ শতাংশ) উত্তরদাতার মতে, এটা গ্রহণযোগ্য এবং অল্পসংখ্যক উত্তরদাতা (৮ শতাংশ) এ ব্যাপারে নিশ্চিত নয়।
দুই-তৃতীয়াংশের কিছু বেশি উত্তরদাতা অভিমত প্রদান করে, অনুমোদনহীন সেবা, অর্থ উপহার, অথবা ঘুষ কখনই সমর্থনযোগ্য নয়। অবশিষ্ট এক-তৃতীয়াংশ উল্লেখ করেছে যে এটা সর্বদা বা মাঝেমধ্যে সমর্থনযোগ্য। প্রায় এক-তৃতীয়াংশ দুর্নীতিকে অনুমোদন করার পক্ষেই রয়েছেন।
দেশে দুর্নীতি প্রতিরোধ করার জন্য উত্তরদাতারা কিছু উপায় প্রস্তাব করেছে। এগুলোর মধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি করা, আইন ও বিধিনিষেধ শক্তিশালী করা, কৌশল প্রয়োগ এবং শাস্তির বিধান জোরদার করা, জনপ্রশাসনের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে শক্তিশালী করা, আইনের শাসনের ধারাবাহিক প্রয়োগ নিশ্চিত করা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।
News Courtesy: