যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন নেই, সেখানে সংখ্যালঘুর অধিকার পূর্ণতা লাভ করতে পারে না। ধর্মীয় প্রান্তিকীকরণ একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশগুলোতেও বড় ইস্যু হয়ে উঠেছে।
গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘সবার জন্য গণতন্ত্র : সংখ্যালঘু অধিকার, প্রতিনিধিত্ব ও জাতীয় নির্বাচন ২০২৬’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আলোচকরা এসব কথা বলেন।
আলোচনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, সুধীসমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের অভিজ্ঞতা, প্রত্যাশা ও চ্যালেঞ্জ এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকারে তাঁদের নিরাপত্তা, অধিকার ও যথাযথ প্রতিনিধিত্ব কিভাবে সুনিশ্চিত করা সম্ভব, তা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, ‘অধিকার কোনো ব্যক্তির পরিচয়ের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত নয় এবং স্বাধীনতা নির্বাচনী হওয়া উচিত নয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা একটি সমাজ গড়ে তুলি, যেখানে সকল নাগরিক, তাদের পটভূমি নির্বিশেষে, সমানভাবে ক্ষমতাপ্রাপ্ত এবং সুরক্ষিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘সংখ্যালঘুর অধিকার হলো মানবাধিকার। যদি কোনো দেশ সংখ্যালঘুদের অধিকার পূর্ণভাবে নিশ্চিত করে, তবে সে দেশে মানবাধিকার নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। ভোটার রাজনীতি, মানবতা থেকে বিপরীত। যত দিন আমাদের মানসিকতার পরিবর্তিত না হবে, তত দিন পর্যন্ত আমাদের গণতন্ত্র এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত ও বাস্তবায়ন করা খুব কঠিন হবে।
‘নিজেরা করি’-এর সমন্বয়কারী ও অধিকারকর্মী খুশী কবির বলেন, ‘মাইনরিটি শব্দটি একটি প্রক্রিয়া, যা একটি ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে প্রান্তিকীকৃত হতে দেয়। গণতন্ত্রের লক্ষ্য সব নাগরিকের স্বার্থ এবং অধিকার রক্ষা করা, তবে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে : কেন সংখ্যালঘুরা এখনো অন্তর্ভুক্ত নয়? আজ ধর্মীয় প্রান্তিকীকরণ একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা শুধু আমাদের দেশের মধ্যে নয়, প্রতিবেশী দেশগুলোতেও বড় ইস্যু হয়ে উঠেছে।’
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রায়ই সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি, আদিবাসী, হিন্দু বা খ্রিস্টানদের জন্য সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি থাকে। কিন্তু এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপায়িত হয়নি।’
মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান বলেন, ‘বিএনপি ও জামায়াত বলে, বাংলাদেশে কোনো পার্থক্য নেই, সবাই মানুষ হিসেবে সমান।
কিন্তু যদি রাজনৈতিক দলের ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার না থাকে, তাহলে তারা কিভাবে তাদের অধিকার নিশ্চিত করবে? যদি রাষ্ট্রের মনস্তত্ত্ব পরিবর্তিত না হয়, তবে সংখালঘুদের কোনো অধিকার ভবিষ্যতে নিশ্চিত করা সম্ভব হবে না।’
সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান বলেন, ‘আজকাল সংখ্যালঘুদের অধিকার আলোচনা করা হলে তাদের প্রায়ই দাগানো হয় দেশদ্রোহী হিসেবে। তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তা আজ পর্যন্ত পূর্ণ হয়নি। যারা তাদের জোরপূর্বক বিতাড়িত করছে এবং অবৈধভাবে তাদের জমি দখল করছে, তারা এখনো ক্ষমতায় আছে। যদি এসব ব্যক্তি ক্ষমতায় থাকে, তবে কার্যকর পরিবর্তনের আশা কম।’
সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘গণতন্ত্র মানে একটি রাষ্ট্রে যেখানে সংখ্যালঘু কম থাকা সত্ত্বেও তাদের কণ্ঠস্বর যেন শোনা যায়, রাষ্ট্র যেন তাদের সম্পদ হিসেবে দেখে, তাদের গুরুত্ব দেয়। মহান মুক্তিযুদ্ধে সবাই মিলেই স্বাধীনতা অর্জন করেছিলাম। ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে, গণতন্ত্রের সংজ্ঞা এখন নতুনভাবে দেখা যাচ্ছে। নির্বাচন কি সবার জন্য হবে? সংখ্যালঘুরা নিরাপদভাবে ভোট দিতে পারবে কি না, সবার প্রতিনিধিত্ব থাকবে কি না—এটা এখন প্রশ্ন রয়ে গেছে।’
অনুষ্ঠানে আলোচকদের মধ্যে আরো ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মনীন্দ্র কুমার নাথ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সিনিয়র সাংবাদিক বাসুদেব ধর, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য পল্লব চাকমা প্রমুখ।
News Courtesy:
গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে সংখ্যালঘুর অধিকার পূর্ণতা পায় না