বৈশ্বিকভাবে যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের জবাবদিহি নিশ্চিতের ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রকাশিত মানবাধিকার–বিষয়ক প্রতিবেদনেও আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানের কথা জানিয়েছি।’
বাংলাদেশে দুর্নীতি কমানো গেলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন রাষ্ট্রদূত পিটার হাস। এ জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র সরকার। এ দেশ থেকে অর্থপাচার ও অর্থনৈতিক অপরাধের মতো বিষয়ে দুই দেশের সরকার একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) দুর্নীতিবিষয়ক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পিটার হাস এসব কথা বলেন। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) দুর্নীতির ওপর এই গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
News Courtesy:
http://www.banginews.com/web-news?id=b2de0efa2c9ad9176e7f4bd97b63dbdfc87c1605