Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

ব্যবসায়ের বড় বাধা ট্রেড লাইসেন্সের ঘুষ

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ব্যবসায়ের বড় বাধা ট্রেড লাইসেন্সের ঘুষ

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (এসএমই) অর্ধেকের বেশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করতে ঘুষ দিতে হয়। নতুন লাইসেন্স সংগ্রহ ও নবায়নের ক্ষেত্রে এ ঘুষ প্রদানের হার সবচেয়ে বেশি। তাদের মধ্যে অর্ধেকের বেশি মনে করেন সরকারি কঠোর নিয়ম-কানুনের জন্যই দুর্নীতি বাড়ছে। আর এমন দুর্নীতি দমনের জন্য ৭৮ শতাংশ ব্যবসায়ী একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান।

সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং বেসরকারি সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) যৌথ উদ্যোগে পরিচালিক এক জরিপে এমন তথ্য উঠে আসে। বাংলাদেশের এসএমই খাতের সঙ্গে জড়িত ৮০০ জন জাতীয় প্রতিনিধি নিয়ে এ খাতের বর্তমান অবস্থার ওপর এ জরিপ করা হয়।

গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে নতুন লাইসেন্স তৈরি এবং নবায়ন, সরকারি সেবা ব্যবহার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিন) সংগ্রহ, ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) সনদপত্র সংগ্রহ ইত্যাদি ক্ষেত্রে তাদের ঘুষ দিতে হয়।

জরিপে দেখা যায়, তাদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জন মনে করেন যে দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি। ব্যবসায়ীদের ৬২ শতাংশ বিশ্বাস করেন প্রচলিত ব্যবস্থার মধ্যেই দুর্নীতির শেকড় অন্তর্নিহিত। আরও অধিক সংখ্যক বা ৭১ শতাংশ মনে করেন যে, দুর্নীতির অত্যধিক উপস্থিতি বাজারকে আরও অসম প্রতিযোগিতামূলক করে তোলে।

অর্ধেকেরও বেশি উত্তরদাতা মনে করেন, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি খাতে কঠোর সরকারি নিয়ম-কানুন দুর্নীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এই সমস্ত ধারণার কারণে জরিপে অংশগ্রহণকারী ৬১ শতাংশ উদ্যোক্তা অর্থনৈতিক পথ বেছে নিয়েছেন।

জরিপে নতুন লাইসেন্স তৈরিতে ৩৬ শতাংশ এবং নবায়নের ক্ষেত্রে ৩১ শতাংশ দুর্নীতির উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। দুই-তৃতীয়াংশ লোক যারা ঘুষ প্রদান করেছেন, তাদের মধ্যে ধারণা বিদ্যমান যে সেবা গ্রহণের ক্ষেত্রে ঘুষ প্রদান করা প্রয়োজন এবং ঘুষ প্রদান সময় বাঁচায়।

দুর্নীতির সবচেয়ে বড় জায়গাগুলোর মধ্যে রয়েছে-  লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত অফিসসমূহে ২৮ শতাংশ, ট্যাক্স অফিসে ২১ শতাংশ, ১৯ শতাংশ স্থানীয় সরকার/ সিটি কর্পোরেশন/ পৌরসভায়,  ভূমি রেজিস্ট্রেশন অফিসে ১৩ শতাংশ, পরিবেশ অধিদপ্তরে ১২ শতাংশ এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহে ১০ শতাংশ। এমন তথ্য নির্দেশ করে যেখান থেকে উদ্যোক্তাদের জনসেবা নেয়ার কথা সেখানেই তারা বেশি দুর্নীতির শিকার হচ্ছেন।

বেশিরভাগ অংশগ্রহণকারীর মতে, অর্থ সম্পদের প্রতি লোভ এবং সেই সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে স্বচ্ছতার অভাবই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আরও বেশি উদ্বুদ্ধ করে। তবে এছাড়াও কিছু কারণের কথা তারা উল্লেখ করেছেন। জরিপ অনুসারে সবচেয়ে বেশি যে দুটি কারণে এসব হচ্ছে সেগুলো হচ্ছে দুর্নীতি বিরোধী আইনের অনিয়মিত প্রয়োগ এবং দুর্নীতিবিরোধী আইনের একদমই প্রয়োগ না করা। এদের অবদান যথাক্রমে ৮৬ এবং ৭৯ শতাংশ।

এদিকে ৭৭ শতাংশ সরকারি কর্মকর্তাদের মধ্যে পেশাদারিত্বের অভাব, সেই সঙ্গে সেবাদানের ক্ষেত্রে ঘুষের জন্য অনুরোধ ৭৩ শতাংশ সেবাগ্রহণকারীদের জন্য একটি উদ্বেগের বিষয়। তাছাড়া ৭৩ শতাংশ সেবা প্রদানকারী সংস্থাসমূহের ক্ষেত্রে ঘুষ গ্রহণ অথবা বিশেষ সুবিধা ভোগের প্রতি চাহিদা দুর্নীতিকে আরও উৎসাহিত করছে।

জরিপের তথ্য অনুসারে দুর্নীতির দুটি সর্বাধিক পরিচিত মাধ্যম উঠে এসেছে। সেগুলো হচ্ছে ৭৭ শতাংশ ক্ষেত্রে উৎকোচ এবং ৬০ শতাংশ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের ব্যবহার এছাড়াও এই তালিকায় রয়েছে ৪৬ শতাংশ চাঁদাবাজি, স্বজনপ্রীতি ৪৩ শতাংশ এবং মাত্রাহীন পৃষ্ঠপোষকতা ৪৩ শতাংশ।

ব্যবসায়ীদের ৬৮ শতাংশ মনে করছেন উৎকোচ, প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্কই হচ্ছে সহজে সেবা গ্রহণ এবং অবৈধভাবে টিকে থাকার একমাত্র পথ।  তবে আশঙ্কার বিষয় হলো- ব্যাপকহারে বিস্তৃত দুর্নীতির তুলনায় অভিযোগ প্রদানের হার অত্যন্ত কম। অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ২ শতাংশ উত্তরদাতা কোন না কোন এক পর্যায়ে অভিযোগ দায়ের করেছেন। তবে তাদের মধ্যে ৭০ শতাংশ বলেছেন যে, তারা অভিযোগ প্রদান করে নেতিবাচক ফলাফল পেয়েছেন।

এমন পরিস্থিতি ৫৫ শতাংশ প্রতিষ্ঠান দুর্নীতি প্রতিরোধে তাদের ব্যবসায়িক সংগঠনগুলোর কাজ নিয়ে সন্তুষ্ট। তবে তাদের  ৭৮ শতাংশের বেশি উদ্যোক্তারা স্বাধীনভাবে নিশ্চিন্তে ব্যবসা করতে দুর্নীতিবিরোধী বেসরকারি প্ল্যাটফর্মে যোগ দিতে আগ্রহী। জরিপের একটি অংশে সরকারের দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার ওপর গবেষণা করা হয়। সেখানে দেখা যায়, অন্যতম একটি উদ্বেগের বিষয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগের পদ্ধতি।

এখানে দুটি বিষয় বিবেচনার দাবি রাখে- এক. অভিযোগ ব্যবস্থার কার্যকারিতা এবং দ্বিতীয়ত. সহজে অভিযোগ করা যাচ্ছে কিনা। দুটি ক্ষেত্রেই উত্তরদাতাদের সমানসংখ্যক ইতিবাচক ও নেতিবাচক উত্তর উঠে এসেছে। কাজেই বলা যায়, অভিযোগ ব্যবস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অনুকূলে না। হুইসেলব্লোয়ারদের অনিরাপত্তাও আরেকটি চিন্তার বিষয়।

যেখানে অধিকাংশ বা ৭২ শতাংশ উত্তরদাতা তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। উল্লেখ্য, এ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০০ জন উৎপাদন খাত এবং ৪০০ জন সেবা খাতের সঙ্গে সম্পৃক্ত। এই জরিপটি ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শুরু করে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিচালিত হয়।

News Courtesy:

https://www.dailyjanakantha.com/economy/news/666735