Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

সিজিএসের আলোচনায় বক্তারা সাম্য ও ন্যায়বিচার নিশ্চিতে সংগ্রাম করতে হবে

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

'বাংলাদেশের ৫০ বছর :পথচলা এবং ট্রাজেক্টোরিজ' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেছেন, স্বাধীনতার ঘোষণায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের কথা ছিল। এগুলো সমাজে নিশ্চিত করতে হবে। এজন্য সংগ্রাম করতে হবে। ৫০ বছর পরও অবকাঠামোগত উন্নয়ন যতটা হয়েছে, প্রাতিষ্ঠানিক উন্নতি তা হয়নি। সুশাসন প্রতিষ্ঠায় আরও অনেক কাজ করতে হবে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এই আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, স্বাধীনতার ঘোষণায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের কথা ছিল। এগুলো সমাজে নিশ্চিত করতে হবে।

উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর-রশিদ, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী ও নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। নতুন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে তুলে ধরা বিষয়ক পর্বে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান ও বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপির) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বক্তব্য দেন।

আলোচনা পর্বে অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, স্বাধীনতার ৫০ বছরে লক্ষণীয় অগ্রগতি হয়েছে, যা অর্জনের পথ মসৃণ ছিল না।

সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের অনেক লক্ষ্য পূরণ হয়নি। দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। ৫০ বছর পরে দেশে গণতন্ত্র নেই।

'গর্ভন্যান্স'বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সিভিল সোসাইটিকে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে ইভিল সোসাইটিতে পরিণত করেছে।

ভার্চুয়াল আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রীয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসিফ শাহানের সঞ্চালনায় আরও যুক্ত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

News Courtesy:

https://samakal.com/todays-print-edition/tp-khobor/article/210389958/-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%93-%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87