সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, নির্বাচনের আগে অন্তত একটি মাস সব ধরনের হয়রানি বন্ধ করলে ভোট সুষ্ঠু হবে। গতকাল রাজধানীর ইস্কাটনের বিস মিলনায়তনে আয়োজিত
এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘ভোটের রাজনীতি এবং জনগণের ভোটাধিকার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্ট্যাডিজ।
আমীর-উল ইসলাম বলেন, ভোট মানুষের মুক্তির পথ, উন্নয়নের পথ, ক্ষমতায়নের পথ। জনগণকে চলার পথ সুগম করে দেন, তাদের প্রতি ভরসা রাখুন। ভোটের অধিকার দিন, জনগণ জানে কাকে ভোট দিতে হয়। আস্থা রাখুন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে ভারত ও পাকিস্তানের চেয়ে আমাদের অভিজ্ঞতা বেশি। কিন্তু এখন কিছু মানুষ জামিন নিয়ে হাইকোর্টে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকেন। তারা ঘর ছাড়া। তারা জামিন কখন নেবেন আর নির্বাচনে কখন আসবেন। আবার প্রিসাইডিং অফিসার কে হবেন, তা নিয়েও নানা কথা হচ্ছে। ফেয়ার নির্বাচন নিয়ে আমাদের প্রথমে দেখতে হবে গ্রাম-শহর-বস্তির মানুষ হয়রানি হচ্ছে কিনা, তারা জামিন পাচ্ছে কিনা।
আমীর-উল ইসলাম বলেন, সবকিছুতেই মোড়কপণ্য বানানো হচ্ছে। নির্বাচনকেও মোড়কে রাখলে তা ভালো ফল বয়ে আনবে না।
News Courtesy: www.http://dainikamadershomoy.com